বিজনেস কনফারেন্স ও পুরস্কার বিতরণ মার্কেন্টাইল লাইফের
মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ঠাকুরগাঁও রিজিওনের আয়োজনে ‘বিজনেস কনফারেন্স, আনন্দ ভ্রমণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬’অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহ্যবাহী ঘাসফুল ইকো রিসোর্ট এন্ড ওয়াটার পার্ক, ঠাকুরগাঁওয়ে ১৬ নভেম্বর সোমবার এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কোম্পানির এএমডি (উন্নয়ন) ও ঠাকুরগাঁও রিজিওন ইনচার্জ জনাব মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ সলিম উল্লাহ্।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কোম্পানির এসইভিপি ও নীলফামারী ডিভিশন ইনচার্জ জনাব মোঃ নজরুল ইসলাম, এসইভিপি ও লালমনিরহাট ডিভিশন ইনচার্জ জনাব মোঃ জিয়াউর রহমান এবং বিভিন্ন স্তরের ইভিপি ও এসভিপি বৃন্দ।
কনফারেন্সে কোম্পানির চলমান ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, ব্যবসা সম্প্রসারণ এবং সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত ও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত কর্মকর্তা ও মাঠকর্মীদের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনে আরও বেশি আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কোম্পানির ব্যবসায়িক সাফল্যে অবদান রাখা বিজয়ী কর্মকর্তাদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনে রিজিওনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মীরা উৎসাহ ও উদ্দীপনার সাথে অংশ নেন।



