সানফ্লাওয়ার লাইফে গ্রাহকদের ক্ষোভ
অবরুদ্ধ চেয়ারম্যান, চেয়ারের পেছনে লুকালেন সিইও!
বীমার টাকা না পাওয়ার অভিযোগে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তাশফিক মান্নান এবং সিইও শহিদুল ইসলামকে অবরুদ্ধ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। ক্ষুব্ধ গ্রাহকদের রোষানল থেকে বাঁচতে অফিসের কর্মকর্তাদের চেয়ারের পেছনে লুকাতে দেখা যায় সিইও শহিদুল ইসলামকে। চট্টগ্রামে প্রতিষ্ঠানটির একটি নতুন অফিস উদ্বোধন করতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। এ সময় ভুক্তভোগী গ্রাহকদের প্রচণ্ড তোপের মুখে পড়েন চেয়ারম্যান, সিইও এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুরো অনুষ্ঠানস্থলজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে একপর্যায়ে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন তাঁরা।
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের চান্দগাঁও এলাকায় সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের নতুন অফিস উদ্বোধন উপলক্ষে সোমবার (১৬ নভেম্বর) ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানের খবর পেয়ে সেখানে হাজির হন দীর্ঘদিন ধরে বীমার টাকা না পাওয়া শতাধিক ভুক্তভোগী গ্রাহক।

ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, বছরের পর বছর নিয়মিত বীমার কিস্তি বা সঞ্চয়ের অর্থ জমা দিলেও মেয়াদ শেষে তাদের প্রাপ্য অর্থ ফেরত দেওয়া হচ্ছে না। কারও কারও দাবি, দীর্ঘ ১২ বছর ধরে তাদের বীমার টাকা আটকে রেখেছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন স্থানে জাঁকজমকপূর্ণ অফিস খুলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হলেও, মেয়াদ শেষে সেই টাকা ফেরত চাইতে গেলে গ্রাহকদের নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। নতুন অফিস উদ্বোধনের অনুষ্ঠানে চেয়ারম্যানকে সামনাসামনি পেয়ে নিজেদের জমানো অর্থ ফেরত দেওয়ার দাবিতে সোচ্চার হন গ্রাহকরা। এ সময় তারা চেয়ারম্যান মোহাম্মদ তাশফিক মান্নান ও সিইও শহিদুল ইসলামকে ঘিরে রেখে পাওনা বুঝিয়ে দেওয়ার দাবি জানান। গ্রাহকদের অভিযোগ, টাকা ফেরত চেয়ে প্রতিবাদ করায় উল্টো তাদের বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখানো হয়, যার ফলে পুরো অনুষ্ঠানস্থল জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে গ্রাহক ক্ষোভ এড়াতে ওই অফিস কর্মকর্তাদের চেয়ারের পেছনে লুকাতে দেখা যায় সানফ্লাওয়ার লাইফের সিইও শহিদুল ইসলামকে।

এদিকে গ্রাহকদের ক্ষোভ ও উত্তেজনার দৃশ্য এবং চেয়ারম্যানের বক্তব্য সংগ্রহ করতে গেলে বাধার মুখে পড়েন গণমাধ্যমকর্মী। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানের কর্মকর্তারা ভিডিও ধারণে বাধা দেন, ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে নানাভাবে হেনস্তা করেন। এক যুগ ধরে সাধারণ মানুষের কষ্টার্জিত বীমার টাকা আটকে থাকার সত্যতা কতটুকু এবং কবে নাগাদ গ্রাহকরা তাদের পাওনা ফেরত পাবেন— এখন সেই প্রশ্নই তুলছেন ভুক্তভোগীরা।

সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে ওঠা এমন অনিয়মের নিরপেক্ষ তদন্ত, গ্রাহকদের আটকে থাকা অর্থ দ্রুত ফেরত এবং সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিক হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল।
এ বিষয়ে বক্তব্য জানতে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তাশফিক মান্নানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
তবে সিইও শহিদুল ইসলাম দাবি করেন, “গ্রাহক ও মাঠকর্মীদের মধ্যে কিছুটা ক্ষোভ ছিল। চেয়ারম্যানকে সামনে পেয়ে তাঁরা উত্তেজিত হয়ে পড়েছিলেন।” চেয়ারের পেছনে লুকানোর বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, “আসলে চেয়ার সংকট থাকায় আমি পেছনের একটি টুলে বসেছিলাম।”



