down of head

আন্তর্জাতিক কার্ডে এয়ার টিকিটে নতুন সুবিধা

বাংলাদেশে পরিচালিত বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে সরাসরি কেনার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে যাত্রীরা নিজেদের আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বিদেশি এয়ারলাইনসের টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকে পাঠিয়েছে। নতুন নির্দেশনার মাধ্যমে ২০২৫ সালের ১৯ নভেম্বর জারি করা আগের নির্দেশনা সংশোধন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, বৈধ ভিসা থাকা সাপেক্ষে বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের জন্য বাংলাদেশে পরিচালিত বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে কিনতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদেশি এয়ারলাইনসের টিকিট বিক্রির অর্থ বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক অধিগ্রহণ ও পরিশোধ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হলেও নতুন সুবিধা প্রযোজ্য হবে।

এর ফলে যেসব বিদেশি এয়ারলাইনস বাংলাদেশে স্থানীয় অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তি করে না, তাদের টিকিটও আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে কেনার সুযোগ তৈরি হয়েছে। আগে এ ধরনের লেনদেনের ক্ষেত্রে স্থানীয় ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থ নিষ্পত্তির শর্ত ছিল।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে এভাবে টিকিট কেনার সুবিধাকে বার্ষিক ভ্রমণ কোটার হিসাবের বাইরে রাখা হয়েছে। তবে টিকিট কেনার যথার্থতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে সংশ্লিষ্ট কার্ড ইস্যুকারী ব্যাংক ব্যবহৃত অর্থের সমপরিমাণ অর্থ কার্ডে পুনরায় জমা বা সমন্বয় করতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে বিদেশ ভ্রমণকারীদের জন্য আন্তর্জাতিক কার্ডে এয়ারলাইনসের টিকিট কেনার প্রক্রিয়া আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সম্পর্কিত খবর