যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ
শ্রমিক অসন্তোষের কারণে কোনো কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হলে এবং শ্রমিকেরা কাজে যোগ না দিলে রোববার (১৫ নভেম্বর) থেকে সংশ্লিষ্ট কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে পারেন মালিকেরা। এ ক্ষেত্রে শ্রম আইনের ১৩ (১) ধারা অনুসরণ করা হবে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে বেলা ১২টার পর শুরু হওয়া এ বৈঠকে প্রায় ২০০টি কারখানার মালিক অংশ নেন।
সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, সংশ্লিষ্ট এলাকার কারখানার মালিকেরা বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। শ্রমিক অসন্তোষের কারণে অনেক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখা ছাড়া বিকল্প নেই বলে সংশ্লিষ্ট মালিকেরা সংগঠনটিকে জানিয়েছেন।
তিনি আরও জানান, শনিবার পর্যন্ত শ্রম আইনের ওই ধারা অনুসরণ করে ৫৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় আরও ১৪৭টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
রোববার থেকে ঠিক কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, প্রতিদিন সব কারখানায় একই ধরনের শ্রমিক অসন্তোষ দেখা যায় না। ফলে বন্ধ কারখানার সংখ্যায় পরিবর্তন আসতে পারে। তবে শনিবার উৎপাদন বন্ধ থাকা ১৪৭টি কারখানার শ্রমিক সংখ্যা আনুমানিক তিন লাখ।
প্রসঙ্গত, শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী, শ্রম অসন্তোষের কারণে কোনো প্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব না হলে মালিকপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখতে পারে। এ ধারায় কারখানা বন্ধ থাকাকালে শ্রমিকেরা সংশ্লিষ্ট সময়ের মজুরি পান না। অর্থাৎ, এ ক্ষেত্রে ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি কার্যকর হয়।
এর আগে শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৪০টি পোশাক কারখানা একই আইনের আওতায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
এদিকে শ্রম আইনের ১৩ (১) ধারা প্রয়োগের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন শ্রমিক নেতারা। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, এ ধারায় কারখানা বন্ধ ঘোষণা করা হলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ আরও বাড়তে পারে। এ ধরনের পদক্ষেপ শ্রমিক আন্দোলনকে আরও উসকে দেওয়ার পরিস্থিতি তৈরি করতে পারে বলে জানান তিনি।বাংলাদেশ ব্যাংক নির্দেশনা
সংবাদ সম্মেলনে বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা উপস্থিত ছিলেন।



