বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রী ব্যাগেজের আড়ালে ছোট ছোট চালানে স্বর্ণসহ স্মার্টফোনের চোরাচালানের বাড়ছে। এসব চোরাচালান ও শুল্ক-কর ফাঁকি প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল এক বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।
জনসংযোগ বিভাগ জানায়, গত ১২ নভেম্বর কাস্টমস গোয়েন্দার এ শিফটের পৃথক তিনটি অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণেরবার, ৩৫টি স্মার্টফোনসহ মোট প্রায় এক কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
আরও জানায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১৮ (ব্যাংকক–ঢাকা) ফ্লাইটে আগত যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ তল্লাশি করে ১৭১ গ্রাম স্বর্ণেরবারসহ কসমেটিকস, খাদ্যদ্রব্য ও ওষুধ জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা।
অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩৮৯ (ব্যাংকক–ঢাকা) ফ্লাইটে আগত যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজ থেকে ৩০০ গ্রাম স্বর্ণের বার, স্যামসাং, অনার এবং রিয়েলমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান এবং ছয় কেজি ৩৭৫ গ্রাম কসমেটিকস জব্দ করা হয়। প্রযোজ্য শুল্ক-কর আদায় ও পাসপোর্টে এন্ট্রি সাপেক্ষে ব্যাগেজ সুবিধার আওতায় ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অতিরিক্ত পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা। একই ফ্লাইটে আগত যাত্রী উম্মা হানির ব্যাগেজ তল্লাশি করে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০ কেজি ৪৮০ গ্রাম সাবান পাওয়া যায়। এক্ষেত্রেও ব্যাগেজ সুবিধার আওতায় ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অবশিষ্ট স্বর্ণ ও অতিরিক্ত পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের দাম ২১ লাখ ৭৭ হাজার টাকা।



