জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন
দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি শূন্য দশমিক সাত থেকে এক দশমিক তিন শতাংশ পর্যন্ত বাড়িয়ে অতিমূল্যায়ন করা হয়েছে এবং তা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছে একটি ফরেনসিক অডিট প্রতিবেদন।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সম্মেলন কক্ষে জিডিপি প্রবৃদ্ধি নিয়ে ফরেনসিক অডিটের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. মাহবুবু উল্ল্যাহ এবং বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি ড. সৈয়দ শাহাদৎ হোসেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. অতনু রব্বানী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক ও পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব ড. দিপঙ্কর রায়।
সেমিনারে জানানো হয়, জিডিপি প্রবৃদ্ধি তৈরির ক্ষেত্রে ৬০ শতাংশ তথ্য বিবিএসের নিজস্ব জরিপ থেকে নেওয়া হয়েছিল, যেখানে কোনো ধরনের হস্তক্ষেপ ছিল না। তবে বাকি ৪০ শতাংশ তথ্য নেওয়া হয়েছিল এনবিআর ও বিনিয়োগ বোর্ডের মতো বিভিন্ন সেকেন্ডারি বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের তথ্য থেকে। আর মূলত সেই তথ্যাদি এবং উপাত্তেই ব্যাপক গড়মিল ছিল। বিশেষ করে শিল্প ও সেবা খাতের হিসাবে এই গরমিলের মাত্রা ছিল সবচেয়ে বেশি।
প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ২০১৪-১৫ অর্থবছরের পর তথ্যের অতিমূল্যায়নের প্রবণতা সবচেয়ে বেশি ছিল এবং পতিত সরকার পরিসংখ্যানকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজস্ব রাজনৈতিক বয়ান তৈরি করেছিল।
তিনি আরও উল্লেখ করেন যে, যেসব তথ্য সরাসরি জরিপের বাইরে থেকে সংগৃহীত হয়েছিল, মূলত সেগুলোতে নানা ধরনের গরমিল করা হয়েছিল। বর্তমানে উৎপাদন ও ব্যয় পদ্ধতিতে জিডিপি হিসাব করা হলেও আগামী দিনে আয়ভিত্তিক হিসাব পদ্ধতি চালুর কথা সরকার বিবেচনা করছে বলে তিনি জানান।
সরকারের কাছে জিডিপি কেবল কোনো সংখ্যা বা রাজনৈতিক হাতিয়ার নয় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকার সব সময় মানসম্মত ও সঠিক তথ্যের প্রবাহ নিশ্চিত করতে চায়।



