৮ দিনে প্রবাসী আয় ১১৩ কোটি ডলার
চলতি বছরের নভেম্বর মাসের প্রথম আট দিনে দেশে ১১৩ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর প্রবাসী আয় বেড়েছে প্রায় ৫০ শতাংশ। এর মধ্যে ৮ নভেম্বর এক দিনেই এসেছে ২৫ কোটি ১০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৯ দশমিক ৮ শতাংশ।ব্যাংক বীমা
এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৫ শতাংশ।
প্রবাসী আয়ের এ ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রাবাজার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে।
সদ্যবিদায়ী অক্টোবর মাসে দেশে মোট ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলার বা ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৫ হাজার ৩৪৫ কোটি ২৮ লাখ টাকা।
এর আগে, গত সেপ্টেম্বর মাসে দেশে মোট ২৭৬ কোটি ৬০ লাখ ডলার বা ২ দশমিক ৭৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। পরের মাস আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।
গত ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।



