পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের অনুদান
শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিনটি প্রতিষ্ঠানে ১ কোটি ৩০ লাখ টাকার অনুদান দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
বুধবার (১১ নভেম্বর) ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এ অনুদান দেওয়া হয়।
অনুদানের মধ্যে উত্তরা এপিবিএন স্কুলের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে ২০ লাখ টাকা, এপিবিএন ডে-কেয়ার সেন্টারের অবকাঠামোগত উন্নয়নে ১০ লাখ টাকা এবং এপিবিএন মেডিকেল সেন্টারের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় বাংলাদেশ পুলিশ ও কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠান তিনটির সেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্টদের জন্য আরও উন্নত ও সহায়ক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে কমিউনিটি ব্যাংক।
ব্যাংকটির ভাষ্য, এ উদ্যোগ শুধু আর্থিক সহায়তা নয়, বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কল্যাণের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে তাদের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। ‘ট্রাস্ট, সিকিউরিটি ও প্রোগ্রেস’ দর্শন ধারণ করে ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক কল্যাণ ও টেকসই সামাজিক উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ব্যাংকটি।



