অ্যাশেজের কনসার্টে সংঘর্ষ
চট্টগ্রামে দর্শকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হওয়ার কারণে ক্যাটেল এক্সপোর কনসার্ট পণ্ড হয়ে গেছে। সংঘর্ষের সময় স্টেজে পারফর্ম করছিলো দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দল ‘দি অ্যাশেজ’। সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে।
গতকাল শুক্রবার চট্টগ্রামের হালিশহর আবাহনী মাঠে রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার ওই মাঠে ক্যাটেল এক্সপো শুরু হয়। এ উপলক্ষে দ্বিতীয় দিনে কনসার্টের আয়োজন ছিল।
চট্টগ্রাম ক্যাটেল ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গ্রিন হার্ভেস্টের কর্ণধার বোরহানুল হাসান চৌধুরী বলেন, ‘একটু বেশি দর্শক হয়ে যাওয়ায় বিশৃঙ্খলা হয়েছে। এই কারণে আমরা কনসার্ট বন্ধ করে দিয়েছি।’
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, কনসার্টে অতিরিক্ত লোকসমাগম হওয়ার কারণে বিশৃঙ্খলা সৃষ্টির পরিবেশ তৈরি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তখন কিছু উচ্ছৃঙ্খল যুবক পুলিশের দিকে পানির বোতলসহ বিভিন্ন কিছু ছুঁড়ে মারে। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এ সময় ৩ পুলিশসহ ১৫ জনের মতো আহত হয়েছেন।
রকিবুল আলম নামে একজন দর্শক জানান, ‘কনসার্টে অতিরিক্ত লোক সমাগমের কারণে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ কারণে পেছন থেকে পুলিশ কাঁদানে গ্যা্স ছুঁড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এ সময় হুড়োহুড়ি শুরু হয়। তখন দর্শকদের মধ্যে থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়।’



