আইনজীবী যুথী ও শেখ পরশের বাসায় অভিযান, গ্রেপ্তার ৪
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথীর গুলশানের বাসায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার রাতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই সময় নাহিদ সুলতানা যুথীকে বাসায় পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার ৩০-৪০ জনের নামে মামলা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী (সাইফ)।
মামলায় অন্য আসামিরা হলেন, অ্যাড. মো. জাকির হোসেন ওরফে মাসুদ (৫৫), অ্যাড. শাকিলা রৌশন, অ্যাড. কাজী বশির আহম্মেদ, ব্যারিস্টার উসমান, অ্যাড. আরিফ, অ্যাড. সুমন, অ্যাড. তুষার, রবিউল, ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা (কবিতা), সাইদুর রহমান জুয়েল (৪০), অলিউর, যুবলীগ নেতা জয়দেব নন্দী, মাইন উদ্দিন রানা, মশিউর রহমান সুমন, কামাল হোসেন, আসলাম রাইয়ান, অ্যাড. তরিকুল ও অ্যাড.সোহাগ। এ ছাড়া মামলায় আরও ৩০-৪০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার সকাল ১০টা থেকে প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়ে পর দিন বৃহস্পতিবার বিকেলে ৫টায় শেষ হয়। দুইদিন ধরে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘাতের ঘটনায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা হয়নি।



