‘নারী-পুরুষের সমতা নিশ্চিত করেছে আওয়ামী লীগ’
রাজনৈতিক দল হিসেবে একমাত্র আওয়ামী লীগই নারী-পুরুষের সমতা নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় চাইতেন নারীরা এগিয়ে থাকুক। স্বাধীনতার পর তিনি আমাদের একটা সংবিধান দিয়েছেন, সে সংবিধানে নারী-পুরুষের সমান অধিকারের স্বীকৃতি দিয়েছেন। নারীদের চাকরির ক্ষেত্রে ১০ শতাংশ কোটা নির্দিষ্ট করেছেন, যাতে নারীরা সমান সুযোগ পেতে পারে। সংসদে সংক্ষরিত নারী আসন দিয়েছিলেন যাতে নারী নেতৃত্ব গড়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, ‘৯৬ সালে যখন আমি ক্ষমতায় আসি তখন দেখলাম উচ্চ আদালতে কোনো নারী বিচারপতি নেই। আওয়ামী লীগ সরকার গঠন করে উচ্চ আদালতে নারী বিচারক নিয়োগ দেয়। ইচ্ছা ছিল প্রধান বিচারপতি করার, কিন্তু হয়নি। এভাবেই দুয়ার খুলে দিলাম। সবচেয়ে বাধার মুখে পড়েছিলাম নারীদের এসপি করার সময়।’
‘মেয়েদের সুযোগ দিলে পারবে না, এটা আমি মানতে রাজি না। মেয়েদের অর্থনৈতিক মুক্তি সবচেয়ে বড়। অর্থাৎ নারীর অর্থনৈতিক নিশ্চয়তা দিলে তারা সব পারবে,’ তিনি যোগ করেন।
তিনি বলেন, ‘নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। এভারেস্ট জয়, খেলাধুলাসহ প্রতিটি জায়গায় দেশের মেয়েরা পারদর্শিতা দেখাচ্ছে, সরকার সুযোগ তৈরি করে দিচ্ছে। নারীদের অর্থনৈতিক ক্ষমতা সবচেয়ে বড়। প্রাথমিকে নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে নারীর কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। এসএমইতে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। নারীরা যাতে উদ্যোক্তা হয়ে গড়ে ওঠে সেজন্য স্বল্প সুদে ঋণ দেওয়া হচ্ছে। সরকার চায় নারীদের সমঅধিকার নিশ্চিত হোক।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এডিবি ও বিশ্বব্যাংকে দুজন নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবেও নারীদের দক্ষতা প্রমাণ করতে চায় সরকার। ঘরের কাজ হিসাব করলে কর্মক্ষেত্রে পুরুষের তুলনায় নারী বেশি কাজ করে। নারী কখনও পিছিয়ে থাকবে না এটাই প্রত্যাশা। দলের ঘোষণাপত্রে নারীর অধিকার নিশ্চিত করা হয়েছে। আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যেখানে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে। দেশের সার্বিক উন্নয়নে সমানতালে কাজ করলেই এগিয়ে যেতে পারব।’
‘এরই মধ্যে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী কোথাও মেয়েদের সুযোগ ছিল না। আমরা দায়িত্ব নেওয়ার পর সে সুযোগ করে দিয়েছি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারীরা সবচেয়ে বেশি দায়িত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারাই সুনাম বয়ে আনছেন বাংলাদেশের’ তিনি যোগ করেন।
এর আগে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচ বিশিষ্ট নারীকে জয়িতা সম্মাননা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



