down of head

ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে ১৯ শতাংশ

সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কর-পরবর্তী নিট মনুাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের। আগের হিসাব বছরের তুলনায় এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১৯ শতাংশ। মূল্যসংবেদনশীল তথ্যের (পিএসআই) মাধ্যমে ব্যবসার এ চিত্র তুলে ধরেছে বীমা খাতের কোম্পানিটি। পাশাপাশি সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দেয়া হয়েছে।

পিএসআইয়ের তথ্য অনুযায়ী, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে ইউনাইটেড ইন্স্যুরেন্সের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭ কোটি ৩৪ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের নিট মুনাফা ছিল ৯ কোটি ৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে ১ কোটি ৭৩ লাখ টাকা বা ১৯ দশমিক ১৩ শতাংশ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরের আয় ছিল ২ টাকা ৪ পয়সা। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৪৫ পয়সায়। আগের হিসাব বছরে যা ছিল ৩৩ টাকা ৪ পয়সা।

এদিকে সমাপ্ত হিসাব বছরের সুপারিশকৃত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৬ এপ্রিল বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ৩ এপ্রিল।

২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৫ পয়সা। এ হিসাবে কোম্পানিটির বার্ষিক ইপিএস বেড়েছে ৪ দশমিক ৬২ শতাংশ। ৩১ ডিসেম্বর ইউনাইটেড ইন্স্যুরেন্সের এনএভিপিএস দাঁড়ায় ৩৩ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩১ টাকা ৮৭ পয়সা।

সম্পর্কিত খবর