down of head

প্রথম প্রান্তিকে আয় বেড়েছে সমতা লেদারের

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয় বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের। আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় এ সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ১৬ শতাংশের বেশি। চামড়া খাতের কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে সমতা লেদারের আয় হয়েছে ১ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১ কোটি ৪০ লাখ ৪৯ হাজার টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ২৩ লাখ টাকার বেশি বা ১৬ দশমিক ৫৬ শতাংশ।

অন্যদিকে আয় বাড়লেও প্রথম প্রান্তিকে মুনাফা করতে পারেনি কোম্পানিটি। তবে কর-পরবর্তী নিট লোকসান কমেছে। এ সময়ে কোম্পানিটির নিট লোকসান হয়েছে ২ লাখ ৯ হাজার টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট লোকসান ছিল ৩ লাখ ২১ হাজার টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময় লোকসান ছিল ৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৪ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের শূন্য দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সমতা লেদার। আলোচ্য হিসাব বছরে এর বাইরে আর কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ পয়সা। যা আগের হিসাব বছরের একই সময় হয়েছিল ৯ পয়সা। ৩০ জুন ২০২১ হিসাব বছর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৯ পয়সায়।

সম্পর্কিত খবর