দশ দিনে ১৩৩% শেয়ারদর বেড়েছে জেএমআই হসপিটালের
বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া শেষ করে গত ৩১ মার্চ থেকে ডিএসইতে লেনদেন শুরু করেছিল জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। ২২ টাকায় লেনদেন শুরু করা কোম্পানির শেয়ারদর এরপর টানা দশ কার্যদিবস বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৩৩ শতাংশের বেশি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ারদর বিশ্লেষণে দেখা যায়, গত ৩১ মার্চের ২২ টাকার শেয়ারটি গত বুধবার ৫১ টাকা ৪০ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে। এ সময়ে শেয়ারটির দর ২৯ টাকা ৪০ পয়সা বা ১৩৩ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহের চার কার্যদিবসে বেড়েছে ১৬ টাকা ১০ পয়সা বা ৪৫ দশমিক ৬১ শতাংশ। এ বৃদ্ধি নিয়ে গত সপ্তাহে ডিএসইতে দর বাড়ার শীর্ষ দশ কোম্পানির তালিকায় প্রথমে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং। গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির ৬৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ১৬ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর গত সপ্তাহের চার কার্যদিবসে ১১ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির মোট ১৭১ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ৪২ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা।
দর বৃদ্ধির তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১০ দশমিক ১৫ শতাংশ দর বেড়েছে। সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির ৫ কোটি ৭২ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গত সপ্তাহে ৮ দশমিক ৫০ শতাংশ বৃদ্ধি নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির ৭৭ কোটি ৩৩ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে শেয়ারটির লেনদেন ছিল ১৯ কোটি ৩৩ লাখ ২৫ হাজার ৫০০ টাকা।
পঞ্চম স্থানে রয়েছে এপেক্স ট্যানারি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৪৫ শতাংশ। গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির ১৮ কোটি ৭৪ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৮ দশমিক ৪৫ শতাংশ বেড়ে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে এইচআর টেক্সটাইল লিমিটেড। তালিকায় সপ্তম স্থানে রয়েছে সিটি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ৫৮ শতাংশ। তালিকায় অষ্টম স্থানে রয়েছে ফার্মা এইডস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ৫৬ শতাংশ। ৫ দশমিক ৪৮ শতাংশ বেড়ে তালিকায় নবম স্থানে রয়েছে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড। তালিকায় সর্বশেষ অবস্থানে রয়েছে ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ২১ শতাংশ।



