দুই কোম্পানির পর্ষদ সভা আজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো জুট স্পিনার্স লিমিটেড ও নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড। এর মধ্যে জুট স্পিনার্সের বেলা ১১টায় ও নাহি অ্যালুমিনিয়ামের বিকাল সাড়ে ৪টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি দুটির চলতি হিসাব বছরের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) জুট স্পিনার্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২১ টাকা ৬৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ২২ টাকা ৩২ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ারপ্রতি লোকসান ছিল ১০ টাকা ৮৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ১১ টাকা ১৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ ঋণ দাঁড়িয়েছে ৪১৫ টাকা ২৪ পয়সা।
জুট স্পিনার্স লিমিটেড ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩ কোটি ৫০ লাখ টাকা। পরিশোধিত মূলধন ১ কোটি ৭০ লাখ টাকা। পুঞ্জীভূত লোকসান রয়েছে ২৬ কোটি ৭৭ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের ৩৯ দশমিক ৮২ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ২৩ দশমিক ২০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৬ দশমিক ৯৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে গত বুধবার জুট স্পিনার্সের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৩৬ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৮৮ টাকা ৫০ পয়সা থেকে ১৯২ টাকার মধ্যে ওঠানামা করেছে।
অন্যদিকে চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) নাহি অ্যালুমিনিয়ামের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ১৩ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ৬১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৯ পয়সা।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২০ হিসাব বছরে মোট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ৮ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশ।
নাহি অ্যালুমিনিয়ামের শেয়ারবাজারে অনুমোদিত মূলধন ১২০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৬৮ কোটি ৩৬ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৫০ কোটি ৪৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৮৩ লাখ ৬০ হাজার ১৬০। এর মধ্যে ৩৯ দশমিক ৫৮ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১২ দশমিক শূন্য ৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বাকি ৪৮ দশমিক ৩৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে গত বুধবার কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৭৩ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৩৬ টাকা থেকে ৭৫ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।



