আয় বাড়লেও মুনাফা কমেছে ফু-ওয়াং ফুডসের
চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আয় বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেডের। আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় এ সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ৬৭ শতাংশের বেশি। তবে আয় বাড়লেও এ সময়ে কোম্পানিটির মুনাফা কমেছে ৪৭ শতাংশ। খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল দুপুরে অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে ফু-ওয়াং ফুডসের নিট আয় হয়েছে ৬০ কোটি ৯০ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট আয় ছিল ৩৬ কোটি ৪১ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট আয় বেড়েছে সাড়ে ২৪ কোটি টাকা বা ৬৭ দশমিক ২৫ শতাংশ। অন্যদিকে আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ১ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১ কোটি ৯১ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে ৯০ লাখ টাকা বা ৪৭ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১৭ পয়সা। অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ৩ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৬৯ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫০ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১১ টাকা ৮৫ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ১ পয়সা।
২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ দশমিক ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ফু-ওয়াং ফুডস। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৫৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৮ পয়সা। ৩০ জুন প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৭০ পয়সায়।
২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ফু-ওয়াং ফুডস। তার আগের তিন হিসাব বছরে ১০ শতাংশ হারে স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডসের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১১০ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৮ লাখ ৩৯ হাজার ২৮৪। এর ৭ দশমিক ৮৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া ৬ দশমিক ৯৫ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৪৭ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৮৪ দশমিক ৭৩ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।



