জেএমআই হসপিটাল রিকুইজিটের আইপিও সাবস্ক্রিপশন শুরু
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের সাবস্ক্রিপশন আজ শুরু হচ্ছে। চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ৯ জানুয়ারি বিকাল ৫টা থেকে ১২ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত কোম্পানিটির শেয়ারে কাট অফ প্রাইস বা প্রান্তসীমা মূল্য নির্ধারণে বিডিং (নিলাম) অনুষ্ঠিত হয়। বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীরা (ইআই) কোম্পানিটির কাট অফ প্রাইস নির্ধারণ করেন ২৫ টাকা।
কোম্পানিটির আইপিও সাবস্ক্রিপশনের জন্য মোট ৩ কোটি ৫২ লাখ ৯৪ হাজার ১২০টি শেয়ার রয়েছে। এর মধ্যে ৮৮ লাখ ২৩ হাজার ৫২০টি শেয়ার কাট অফ প্রাইসে নির্ধারিত ২৫ টাকা দরে ইআই ক্যাটাগরির শর্ত পূরণকারী যোগ্য বিনিয়োগকারীদের মাঝে ইস্যু করা হবে। বাকি ২ কোটি ৬৪ লাখ ৭০ হাজার ৬০০টি শেয়ার ২০ শতাংশ কমে ২০ টাকা দরে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে ইস্যু করা হবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৯৯তম কমিশন সভায় জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের আইপিও অনুমোদন দেয়া হয়। আইপিওর মাধ্যমে শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৭৫ কোটি উত্তোলন করবে জেএমআই হসপিটাল রিকুইজিট। উত্তোলিত অর্থ যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, দালানকোঠা নির্মাণ, ভূমি উন্নয়ন, ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি। জেএমআই হসপিটাল রিকুইজিটের পরিশোধিত মূলধন ৯০ কোটি টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
এর আগে গত ডিসেম্বরে কোম্পানিটির বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের আবেদনসীমা কমানো হয়। যোগ্য বিনিয়োগকারীদের কমপক্ষে ৫০ লাখ টাকা বিনিয়োগের কথা থাকলেও এটি কমিয়ে ২০ লাখ টাকা নির্ধারণ করা হয়। ডিএসইর আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্তে অনুমোদন করে বিএসইসি। সংস্থাটির ৮০৪তম কমিশন সভায় এটি অনুমোদন দেয়া হয়।
৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৭ টাকা ৭৮ পয়সা। পুনর্মূল্যায়নসহ যা ২৯ টাকা ৯৯ পয়সা। গত পাঁচ বছরের ভারিত গড় হারে কোম্পানিটির ইপিএস ২ টাকা ৪২ পয়সা।



