চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি বন্ধ
চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী ট্রেইলরের এক শ্রমিক নেতাকে মারধরের অভিযোগে কনটেইনার ডেলিভারি বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের টার্মিনাল ম্যানেজার মুহাম্মদ আনিস উদ্দিন আহমদ জানান, টার্মিনাল অপারেটিং সিস্টেমের (টস) জটিলতার কারণে কার্গো ডেলিভারি বন্ধ রয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ৬টা থেকে ডেলিভারি বন্ধ হয়। এর আগে বিকেল ৪টার দিকে মারধরের ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
শ্রমিকদের অভিযোগ, বন্দর গেটে প্রবেশের পাস ইস্যুকে কেন্দ্র করে ট্রেইলর শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোক্তারের সঙ্গে গেটে কর্মরত নিরাপত্তাকর্মীর প্রথমে বাগবিতণ্ডা ও পরে ধাক্কাধাক্কি হয়। এ ঘটনার পর শ্রমিকরা পণ্য পরিবহন বন্ধ করে চার নম্বর গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতির কারণে অন্য পণ্যবাহী যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বলেন, সিকিউরিটিরা টস এবং গেইট পাশের নামের চাঁদাবাজি শুরু করেছে। এই কাজের প্রতিবাদ করায় আমাদের মোক্তারের উপর হামলা হয়েছে এবং আমিও লাঞ্ছিত হয়েছি। এর প্রতিবাদে কনটেইনার ডেলিভারিসহ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ করে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের টার্মিনাল ম্যানেজার মুহাম্মদ আনিস উদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের কর্মবিরতির কোনো রেকর্ড নেই তবে টসের সমস্যার কারণে গত ১ ঘণ্টা যাবৎ কার্গো ডেলিভারি বাধাগ্রস্ত হচ্ছে।



