down of head

ড্যাপসহ অযৌক্তিক বিধিমালা সংস্কারের দাবি রিহ্যাবের

আবাসন খাতের সংকট কাটাতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ)সহ বিভিন্ন অযৌক্তিক ও বাস্তবতা-বিবর্জিত বিধিমালা সংস্কারের দাবি জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট ড. আলী আফজাল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১২-এর সেতারা কনভেনশন সেন্টারে আবাসন ব্যবসায়ীদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। সম্মিলিত রিয়েল এস্টেট ফোরামের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, নানা ধরনের জটিল নিয়ম-কানুন ও বাস্তবতা-বিবর্জিত বিধিবিধানের কারণে দেশের আবাসন ব্যবসা ক্রমেই সংকটের মুখে পড়ছে। এসব নিয়মের কারণে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে উঠেছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে আবাসন শিল্পের পাশাপাশি এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বিপুলসংখ্যক মানুষ ও প্রতিষ্ঠানের ওপর নেতিবাচক প্রভাব পড়বে, যার প্রভাব অর্থনীতিতেও পড়তে পারে।

মতবিনিময় সভায় আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা ও সংকট, ড্যাপসহ বিভিন্ন বিধিমালার বাস্তব প্রভাব এবং প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনের উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

সভায় আবাসন খাতকে টেকসই ও গতিশীল রাখতে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, পারস্পরিক মতবিনিময় ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। এতে অংশ নেওয়া বিভিন্ন ডেভেলপার তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিহ্যাবের সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল আউয়াল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক।

সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও মিরপুর রিয়েল এস্টেট ফোরামের প্রেসিডেন্ট মো. সহিদুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া বক্তব্য দেন উত্তরা ডেভেলপার ফোরামের সভাপতি মো. ইব্রাহিম সরকার এবং সাউথ ডেভেলপার ফোরামের উপদেষ্টা মো. শাখাওয়াত হোসেন।

সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মোহাম্মদ বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফএম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদসহ সংগঠনটির পরিচালনা পর্ষদের বিভিন্ন পরিচালক এবং বিপুলসংখ্যক আবাসন ব্যবসায়ী অংশ নেন।

সম্পর্কিত খবর