down of head

মিউচুয়াল ফান্ডে ডিএসইর ওয়েবভিত্তিক অর্ডার সিস্টেম

ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট সৃষ্টি ও রিডেম্পশনের জন্য ওয়েবভিত্তিক অর্ডার কালেকশন সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ লক্ষ্যে ৭ সেপ্টেম্বর একটি কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. নাফিজ আল তারিক, নির্বাহী পরিচালক মো. মাহমুদুল হক, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার সাইয়িদ মাহমুদ জুবায়েরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি নাফিজ আল তারিক বলেন, প্রস্তাবিত প্ল্যাটফর্ম দেশের মিউচুয়াল ফান্ড শিল্পকে এগিয়ে নেওয়া এবং বিনিয়োগকারীদের কার্যকর সুবিধা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রবেশাধিকার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ আরও সহজ, স্বচ্ছ, সুবিধাজনক ও প্রযুক্তিনির্ভর হবে। একই সঙ্গে বিনিয়োগকারীরা তাঁদের পোর্টফোলিওতে বৈচিত্র্য আনার সুযোগ পাবেন।

প্রস্তাবিত ব্যবস্থায় ডিএসইর ওয়েবভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিনিয়োগকারীরা ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট ক্রয় ও রিডেম্পশন করতে পারবেন। প্ল্যাটফর্মটি ডেস্কটপ ও মোবাইল—উভয় মাধ্যমে ব্যবহারের উপযোগী হবে।

এ ব্যবস্থায় প্রতিটি স্টক ব্রোকার সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজারের সেলিং বা ডিলিং এজেন্ট হিসেবে কাজ করবে এবং বিনিয়োগকারীদের ইউনিট ক্রয়, বিক্রয় ও রিডেম্পশনে সহযোগিতা করবে।

ডিএসই আশা করছে, উদ্যোগটি ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড খাতের বিকাশের পাশাপাশি পুঁজিবাজারের অবকাঠামো আধুনিকায়ন ও বিনিয়োগকারীদের জন্য বৈচিত্র্যময় আর্থিক পণ্য ব্যবহারের সুযোগ বাড়াবে।

সম্পর্কিত খবর