down of head

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পর তিনি সান ফ্রান্সিসকো সফর করবেন।

রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি শুরু হয়েছে। সফরসঙ্গীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের প্রক্রিয়াও চলছে।

প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে নোট ভার্বাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন তারেক রহমান। অধিবেশনের মূল পর্বে অংশ নেওয়ার পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন বৈঠক ও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

সম্ভাব্য ৯ দিনের সফরে নিউইয়র্কের পর সান ফ্রান্সিসকো যেতে পারেন প্রধানমন্ত্রী। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়েও আগে আলোচনা চলছিল। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী শুক্রবার রয়টার্সকে জানিয়েছেন, ভারত সফরের বিষয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

সম্পর্কিত খবর