অসত্য ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
‘বিশ্বজিৎ মণ্ডলের অপসারণ আদেশ প্রত্যাহার নিয়ে আইডিআরএ সদস্যদের প্রতারণা’ শিরোনামে অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আইডিআরএ সদস্য (লাইফ) আপেল মাহমুদ এবং নন-লাইফ সদস্য আবু বকর এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এতে উল্লেখ করা হয়, ‘ওই নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদটি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে, যা সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হয়। আইডিআরএ’র সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা প্রকাশিত এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।’
এতে আরও বলা হয়, ‘বিশ্বজিৎ কুমার মণ্ডলের অপসারণ আদেশ বিনাশর্তে প্রত্যাহার, মামলা তুলে নেওয়া কিংবা তাকে বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বানানো সংক্রান্ত অসত্য, ভিত্তিহীন ও কাল্পনিক সংবাদ প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি বাস্তবতা বিবর্জিত। আইডিআরএ’র আইন কিংবা নীতিমালার বাইরে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের সুযোগ নেই। অথচ বিতর্কিত এই ব্যক্তিকে ঘিরে উদ্দেশ্যমূলকভাবে আইডিআরএ’র চেয়ারম্যান, সদস্য এবং অন্যান্য কর্মকর্তাদের জড়িয়ে মনগড়া তথ্য প্রকাশ করা হয়েছে।
বিশ্বজিৎকে কেন্দ্র করে যে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে, তা একান্তই প্রতিবেদকের ব্যক্তিগত বক্তব্য ছাড়া আর কিছুই নয়। এ ধরনের কাল্পনিক সংবাদ প্রকাশ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের নীতিমালার পরিপন্থী।
বীমা খাত সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য আইডিআরএ’র আইন সমান। রোষানল কিংবা প্রতারণা তো দূরের কথা—একজন অপসারিত ও বিতর্কিত ব্যক্তিকে আলাদা গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ নেই।
নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, বিশ্বজিৎ কুমার মণ্ডলের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, ভুল স্বীকার করে আবেদন দাখিল—সবই নিয়মতান্ত্রিক কার্যক্রমের ধারাবাহিকতা মাত্র। এ বিষয়ে স্বাভাবিক দায়িত্ব পালনের জন্য আইডিআরএ’র কর্মকর্তারা বিশ্বজিৎ কুমার মণ্ডলের সঙ্গে যোগাযোগ করেছেন। এখানে আলাদাভাবে কোনো ব্যাখ্যা করার সুযোগ নেই।
এমনকি বক্তব্য নেওয়ার জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দুই সদস্যের সঙ্গে প্রতিবেদক ফ্রন্ট ডেস্কের মাধ্যমে সাক্ষাৎকারের অনুরোধ করেছেন—এমন যে তথ্য উল্লেখ করা হয়েছে, তাও মিথ্যা। আইডিআরএ’র সঙ্গে সবসময় গণমাধ্যমকর্মীদের সুসম্পর্ক বিদ্যমান। গণমাধ্যমকর্মীরা তথ্যহীন ফিরে যাবেন—এটা বলার কোনো সুযোগ নেই।
প্রতিবাদে আরও বলা হয়, বিশ্বজিৎ কুমার মণ্ডলের বিষয়ে আইডিআরএকে ঘিরে এমন কোনো তথ্য ইন্স্যুরেন্স নিউজবিডি ছাড়া অন্য কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়নি। শুধু এই অনলাইন মাধ্যমে কর্তৃপক্ষের নাম সংযোজন দেখে আমরা বিস্মিত ও হতবাক হয়েছি। এই কাল্পনিক, মনগড়া ও বানোয়াট সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ভবিষ্যতে আইডিআরএ’র বিরুদ্ধে মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।


