এক মাসের ব্যবধানে পুড়ল ২৯ আড়তঘর
পটুয়াখালীর সবচেয়ে বড় মৎস্য অবতরণকেন্দ্র মহিপুরের আড়তে এক মাসের ব্যবধানে ফের আগুনের ঘটনা ঘটল। সর্বশেষ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে আড়তের ২৯টি ঘর।
শুক্রবার রাতে মহিপুরে জাপান মৎস্য আড়তে এ ঘটনা ঘটে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। পরে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান এবং ক্ষতি হওয়া ২৯টি আড়তঘরের মালিকদের জন্য ৫৮ বান টিন, ১ লাখ ৮৪ হাজার টাকা এবং খাদ্যসামগ্রী প্রদানের কথা জানান।জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া ওই ২৯টি আড়তঘর মালিকের ৩ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এ তথ্য জানিয়েছেন আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা। ঘটনার পরপরই রাতে সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম।
কলাপাড়া ফায়ার সার্ভিসের অধিনায়ক ইলিয়াস হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। সড়ক সরু হওয়ায় কিছুটা সময় লেগেছে। তবে পাশে নদী থাকায় খুব কম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এর আগে ৩ মার্চ গভীর রাতে একই স্থানের আকন মৎস্য আড়ত থেকে আগুন লেগে ৭টি স্থাপনা পুড়ে যায়।
এন এস



