down of head

লভ্যাংশ ঘোষণার আগেই শেয়ারে দরপতন

গত সপ্তাহের বৃহস্পতিবার সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড ও রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের পর্ষদ। যদিও লভ্যাংশ ঘোষণার আগে থেকেই পুঁজিবাজারে নিম্নমুখী কোম্পানিটির শেয়ারদর। দুই সপ্তাহ আগে থেকেই দর হারাচ্ছে কোম্পানি দুটির শেয়ার।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, এ বছরের ২০ ফেব্রুয়ারির পর থেকেই লিন্ডে বাংলাদেশের শেয়ারদর নিম্নমুখী। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারদর ছিল ১ হাজার ৮৬০ টাকা ৩০ পয়সা। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর ১ হাজার ৫৮৩ টাকা ১০ পয়সায় এসে দাঁড়িয়েছে। গত সপ্তাহে দর হারানোর শীর্ষ তালিকায় ৮ নম্বরে ছিল লিন্ডে বাংলাদেশের শেয়ার। এ সময়ে ৫ দশমিক ৭২ শতাংশ দর হারিয়েছে শেয়ারটি।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় সর্বশেষ সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে লিন্ডে বাংলাদেশের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ টাকা ৫৫ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ৭০ টাকা ৫৫ পয়সা। সে হিসাবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৪ দশমিক ১৭ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯৫ টাকা ৫৫ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ১২ মে বেলা ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ মার্চ।

এর আগের ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লিন্ডে বাংলাদেশ।

২০১৯ হিসাব বছরে ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় লিন্ডে বিডি। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১৪০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছিল। ওই হিসাব বছর শেয়ারহোল্ডারদের ২০০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশও দিয়েছিল তারা। এছাড়া ২০১৬ ও ২০১৫ হিসাব বছরে ৩১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

এ বছরের ২৩ ফেব্রুয়ারির পর থেকেই ডিএসইতে নিম্নমুখী রেকিট বেনকিজার বাংলাদেশের শেয়ারদর। এদিন এক্সচেঞ্জটিতে কোম্পানিটির শেয়ারদর ছিল ৫ হাজার ৯৭৬ টাকা ১০ পয়সা। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর ৫ হাজার ৪৬৩ টাকায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ডিএসইতে শেয়ারদর হারানোর শীর্ষ তালিকায় ৯ নম্বরে ছিল রেকিট বেনকিজার বাংলাদেশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫ দশমিক ৫৪ শতাংশ।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১ হাজার ৬৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে রেকিট বেনকিজার বাংলাদেশের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৭১ টাকা ৩ পয়সা। যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ১৫৬ টাকা ৩৮ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০০ টাকা ৬৫ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ২৭ এপ্রিল ভার্চুয়াল প্লাটফর্মে এজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে এ বছরের ৩ এপ্রিল।

এর আগের ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ হাজার ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আগের বছর কোম্পানিটি ১ হাজার ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০১৮ সালে ৭০০ শতাংশ নগদ, ২০১৭ সালে ৭৯০ শতাংশ নগদ, ২০১৬ সালে ৭৭৫ শতাংশ নগদ এবং ২০১৫ সালে ৬৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

সম্পর্কিত খবর