প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড
গত ৭ ফেব্রুয়ারী একটি অনলাইন নিউজ পোর্টালে ‘‘২৬ কোটি টাকার তহবিল তছরূপ-ভ্যাটের ১৩ কোটি: আইডিআরএ বলেনি, আমরাও কিছু করিনি’’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।
এক প্রতিবাদ লিপিতে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড জানায়, মেঘনা ইন্স্যুরেন্সকে জড়িয়ে সম্প্রতি যে সংবাদ প্রকাশিত হয়েছে তা অনুমান নির্ভর, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
প্রতিবাদ লিপিতে আরো বলা হয়, প্রতিষ্ঠানটির তহবিল এবং ভ্যাট সংক্রান্ত বিষয় দু’বছর আগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআর) এবং রাজস্ব বোর্ড (এনবিআর) নিস্পত্তি করেছে। আইডিআরএ’র নির্দেশনা মেনেই মেঘনা ইন্স্যুরেন্স পরিচালিত হচ্ছে। এমনকি ২০১৯ সাল থেকে উন্নত ও প্রযুক্তি নির্ভর সফটওয়ার ব্যবহার করে বীমা ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে। এ অবস্থায় হঠাৎ করে দু’বছর পর পুরনো নিস্পত্তিকৃত বিষয় কোন সামনে নিয়ে আসা হলো, তা বোধগম্য নয়। মেঘনা ইন্স্যুরেন্স এর সুনাম নষ্ট করার অপ-চেষ্টায় লিপ্ত কোন একটি মহল তা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে।
এ বিষয়ে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, ২০২০ সালেও একটি অনলাইনে এই সংবাদটি প্রকাশিত হয়েছিল। আবার কোন দু’বছর পর পুরাতন নিউজকে সামনে আনা হলো কেন, সেটাই বড় প্রশ্ন। মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড নিয়ে অডিট করেছে আইডিআরএ। নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। বীমা আইন মেনে জবাদিহীতার মধ্যদিয়ে ব্যবসা পরিচালনা করছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। সংবাদে ২৬ কোটি টাকার তহবিল তছরুপ নিয়ে যে হিসাব বলা হয়েছে, তার সাথে কোনভাবেই আমরা একমত নই। পুরো অতিরঞ্জিত তথ্য পরিবেশন করা হয়েছে। ১৩ কোটি টাকার ভ্যাট তছরুপ এ তথ্যও সঠিক নয়। আমরা প্রতি বছর ভ্যাট পরিশোধ করে আসছি। আমাদের প্রতিষ্ঠান নিয়ে ভ্যাট অধিদপ্তরের কোন আপত্তি এবং কোন অভিযোগও নেই। এমনকি ২০১৯ সালের পর থেকে আমরা বীমা খাতের উন্নয়নে নতুন সফটওয়ার এর মাধ্যম ব্যবসা পরিচালনা করছি। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদেও পরিবর্তন এসেছে। বর্তমানে কোন অব্যবস্থাপনা কিংবা অনিয়মের সাথে কোনভাবেই মেঘনা ইন্স্যুরেন্স জড়িত নয়। দেশের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বীমা আইন মেনে ভ্যাট এবং ট্যাক্স পরিশোধ করে সুনামের সাথে বীমা ব্যবসা পরিচালনা করছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। প্রতিষ্ঠানটিকে কে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা অতিরঞ্জিত। প্রকাশিত সংবাদটি সঠিক নয়।



