বৃহস্পতিবার ঢাকাসহ দেশব্যাপী মানববন্ধন করবে বিএনপি
‘ভোটাধিকার হরণের ‘তৃতীয় বার্ষিকী পালন উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
গত সোমবার দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় ।
ওই বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন ।
বিএনপি মহাসচিব বলেন, আগামী ৩০ ডিসেম্বর নিশিরাতে ভোটাধিকার হরণের তৃতীয় বার্ষিকী উপলক্ষে সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ের এবং ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
মির্জা ফখরুল বলেন, সভায় সম্প্রতি ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকান্ডে ৪৫ জনের অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এই ভয়াবহ অগ্নিকান্ডে নিখোঁজদের দ্রুত উদ্ধার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষেকে আহ্বান জানানো হয়। মর্মান্তিক এই দূর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসার দাবী জানানো হয়।
তিনি বলেন, সভা মনে করে অনির্বাচিত সরকারের সকল স্তরে যে জবাবদিহীহিনতার সংস্কৃতি গড়ে উঠেছে তারই ফলশ্রুতিতে এই ভাবে প্রায়ই ভয়াবহ দূর্ঘটনা ঘটছে।
