পতনের দিন বিমা খাতে ভর করে বেড়েছে লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসেও দেশের পুঁজিবাজারে বড় পতনে লেনদেন শেষ হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক কমেছে। বেশিরভাগ খাতে ব্যাপক দরপতনে সূচক পড়তে দেখা গেছে। তবে দরবৃদ্ধি ও লেনদেনে সর্বোচ্চ ছিল বিমা খাতে। ফলে সূচকের পতন হলেও দিনশেষে বিমা খাতে ভর করেই আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।
গতকালের লেনদেন চিত্র বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে ৮০১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবস বুধবারে লেনদেন হয়েছিল ৭৬৭ কোটি ৪৭ লাখ টাকা। আর লেনদেনে সবচেয়ে বেশি অবদান রাখে সাধারণ বিমা খাত। এ খাতের ৮৭ শতাংশ কোম্পানির দর বৃদ্ধিতে লেনদেনেও বেড়েছে। ফলে মোট লেনদেনে ২৩ দশমিক ৫৯ শতাংশ অবদান ছিল এ খাতটির। আগের কার্যদিবসেও লেনদেন সর্বোচ্চ হলেও এটি ছিল মাত্র ১২ দশমিক ৬৬ শতাংশ। গতকাল এ খাতের ৩৪টি কোম্পানির শেয়ারদর বাড়ার বিপরীতে কমেছে পাঁচটির।
গতকাল ব্যাপক দরপতন দেখেছেন ওষুধ ও রসায়ন খাতের বিনিয়োগকারীরা। তবে টাকার অঙ্কে লেনদেনে দ্বিতীয় অবস্থানে থাকা এ খাতটির অবদান ছিল ১২ দশমিক ৩৯ শতাংশ। আগের কার্যদিবসে এটি ছিল আট দশমিক ১৩ শতাংশ। গতকাল এ খাতের ২৯টি বা ৯৩ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর বিপরীতে শেয়ারদর বেড়েছে মাত্র দুটির।
গতকাল ১০ দশমিক ২২ শতাংশ অবদান রেখে তৃতীয় অবস্থানে ছিল ব্যাংক। এ খাতেও বেশিরভাগ কোম্পানির দরপতন দেখা গেছে। তবে দুই কার্যদিবসের সমপরিমাণ লেনদেন হয়েছে খাতটিতে। গতকাল এ খাতের ১৮টি কোম্পানির শেয়ারদর হ্রাস পেয়েছে। এর বিপরীতে সাতটি করে কোম্পানির শেয়ারদর বাড়তে ও অপরিবর্তিত থাকতে দেখা গেছে।
দুই কার্যদিবস আগে লেনদেনের শীর্ষে ছিল বিবিধ খাত। দুই দিন পর ব্যাপক দরপতন ও লেনদেনে ভাটা পড়ে এ খাতে। ফলে মাত্র আট দশমিক ১৮ শতাংশ অবদান রেখে লেনদেনের চতুর্থ অবস্থানে ছিল।
দীর্ঘ সময় লেনদেনের নিচের দিকে ট্যানারি খাতের লেনদেন গতকাল বাড়তে দেখা গেছে। সাত দশমিক ৫৯ শতাংশ অবদান রেখে তালিকার পঞ্চম অবস্থানে ছিল এটি। আগের কার্যদিবসে এ খাতের অবদান ছিল দুই দশমিক ৮৫ শতাংশ। গতকাল এ খাতেও দরপতন দেখা গেছে। পাঁচটি কোম্পানির শেয়ারদর হ্রাসের বিপরীতে বেড়েছে মাত্র একটির।
এছাড়া তালিকার ষষ্ঠ অবস্থানে ছিল বস্ত্র খাত। এ খাতে সর্বোচ্চ ৪৬ কোম্পানির শেয়ারদর হ্রাসের দিন লেনদেন হয়েছে মাত্র ৪৮ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া পাঁচটি কোম্পানির শেয়ারদর বৃদ্ধি ও আটটির অপরিবর্তিত থাকতে দেখা গেছে। এরপর লেনদেনে এগিয়ে ছিল জ্বালানি, আর্থিক প্রতিষ্ঠান, খাদ্য ও অন্য খাতগুলো।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে মাত্র ৮২টির। এর বিপরীতে কমেছে ২৬১টির ও শেয়ারদর ধরে রাখতে পেরেছে ৩৫টি কোম্পানি। ফলে ব্যাপক দরপতনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট হ্রাস পেয়েছে।
এ সপ্তাহের প্রথম কর্মদিবসে সূচকের বড় পতন হয়েছিল। সেদিন সূচকটি হারিয়েছিল ৮৫ পয়েন্টের বেশি। সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে প্রধান সূচকের উত্থান হয়েছে শুধু মঙ্গলবার। সেদিন সূচকে যোগ হয়েছিল ২১ পয়েন্ট। আর পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই প্রধান সূচকের পতন হয়েছে। শেষ দিনের বড় পতন শেষে বর্তমানে ডিএসইএক্স ছয় হাজার ৭০২ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়া অপর দুই সূচকেরও পতন হয়েছে। বাছাই করা কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট কমেছে ও শরিয়াহ্ভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত সূচক ডিএসইএস হ্রাস পেয়েছে ১০ পয়েন্ট।
এদিন সূচক নামানোর প্রধান ভূমিকায় ছিল বেক্সিমকো। কোম্পানিটির শেয়ারদর পতনের কারণে ডিএসইর সূচক হারিয়েছে ছয় দশমিক ৮৫ পয়েন্ট। রবি, ওয়ালটন হাই-টেক, লাফার্জহোলসিম ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর দরপতনে সূচক হ্রাস পেয়েছে আরও ১৩ দশমিক ৯৭ পয়েন্ট।



