উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে জেএমআই সিরিঞ্জেস
নভেল করোনাভাইরাসসহ অন্যান্য রোগের টিকা প্রয়োগে চাহিদা বৃদ্ধি পাওয়ায় সিরিঞ্জ উৎপাদনের সক্ষমতা বাড়াচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড। এজন্য প্রায় সোয়া ৫ কোটি টাকার বিনিয়োগ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। গতকাল বিকালে অনুষ্ঠিত কোম্পানিটির ২২৬তম পর্ষদ সভায় বিনিয়োগের বিষয়টি অনুমোদন করা হয়।
জেএমআই সিরিঞ্জেসের কোম্পানি সচিব মোহাম্মদ তারেক হোসেন খান এ বিষয়ে বলেন, পর্ষদ সভায় সিরিঞ্জের উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় যন্ত্র ও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী কেনার জন্য ৬ লাখ ১৪ হাজার ৯৮৪ ডলার বিনিয়োগের অনুমোদন দেয়া হয়েছে। নতুন এ বিনিয়োগের অর্থ প্রতিষ্ঠানটির নিয়মিত আয় থেকে মেটানো হবে।
কোম্পানিটি বলছে, করোনার বিস্তারের কারণে দেশ-বিদেশে টিকাদানে ব্যবহূত বিশেষ ধরনের অটো-ডিজেবল সিরিঞ্জ (০.৫ এমএল) চাহিদা বেড়ে গেছে। মূলত এ চাহিদা পূরণের লক্ষ্যেই বিনিয়োগ করছে জেএমআই সিরিঞ্জ। এ বিনিয়োগের ফলে কেবল ০.৫এমএল অটো ডিজেবল সিরিঞ্জের উৎপাদনক্ষমতা প্রায় ৩৩ শতাংশ বেড়ে যাবে।



