৯৯৯-এ ফোনে মুক্তি পেলো ৩ শ্রমিক
নারায়ণগঞ্জের বন্দরের একটি ইটভাটা থেকে শিকল দিয়ে বেঁধে রাখা তিন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মঙ্গলবার তাদের উদ্ধার করে বন্দর থানা পুলিশ। এ ঘটনায় ইটভাটার ম্যানেজার জসিমকে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধারকৃত শ্রমিকরা হলেন- সাতক্ষীরার মোমরেজ শেখের ছেলে আবুবকর, আরশাদ আলীর ছেলে রুহুল আমিন ও শহীদুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম। এ ব্যাপারে বুধবার ইটভাটার ৫ মালিক, লেবার সর্দার ও ম্যানেজারকে আসামি করে বন্দর থানায় মামলা করেছেন উদ্ধার হওয়া শ্রমিক মাজহারুল ইসলাম।
মাজহারুল জানান, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ফনকুল এলাকার পিবিএম ইটভাটার মালিক আনিস, মোমেন, মোসলেম, আনার ও মামুন তিন মাস আগে এক হাজার ইট তৈরির পারিশ্রমিক হিসেবে তাদের (তিন শ্রমিক) ৪০০ টাকা মজুরি দেওয়ার কথা বলে সাতক্ষীরা থেকে এখানে নিয়ে আসেন। তিন মাস কাজ করার পর শুধু খোরাকি ছাড়া তাদের আর কিছুই দেয়নি মালিক পক্ষ। মজুরি চাইলে গালমন্দ করা হয়।
এ অবস্থায় পাওনা টাকা চেয়ে গত ১৯ ফেব্রুয়ারি বাড়ি ফিরে যাওয়ার কথা বললে মালিকরা ইটভাটা সংলগ্ন ঝুপড়ি ঘরে তিনজনকে শিকল দিয়ে বেঁধে রাখেন। তিন দিন পর গত মঙ্গলবার ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সাহায্য চান তারা। পরে পুলিশ শিকলবন্দি অবস্থায় তিন শ্রমিককে উদ্ধার করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ইটভাটার ভিতরে শিকল দিয়ে বেঁধে রাখা তিন শ্রমিককে উদ্ধার করা হয়েছে এবং ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে ইটভাটার ৫ মালিকসহ ৭ জনকে আসামি করে মামলা হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।



