৫ মাসে জেমিনি সি ফুডের শেয়ারদর বেড়েছে ১৮৩ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের জেমিনি সি ফুড লিমিটেডের শেয়ারদর গত পাঁচ মাসে ৩১১ টাকা ৮০ পয়সা বা ১৮৩ দশমিক ২০ শতাংশ বেড়েছে। পাঁচ মাস আগে গত বছরের ২৫ অক্টোবর কোম্পানিটির শেয়ারদর ছিল ১৭০ টাকা ২০ পয়সা। সর্বশেষ গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী দর দাঁড়ায় ৪৮২ টাকায়।
ডিএসইতে গত বছরের ২৫ অক্টোবর জেমিনি সি ফুডের শেয়ারের সমাপনী দর ছিল ১৭০ টাকা ২০ পয়সা। সে হিসাবে ওই সময়ে কোম্পানিটির ভ্যালুয়েশন ছিল ৭৯ কোটি ৯৩ লাখ টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার লেনদেন শেষে ৪৮২ টাকা সমাপনী দর হিসেবে কোম্পানিটির ভ্যালুয়েশন দাঁড়িয়েছে ২২৬ কোটি ৩৬ লাখ টাকায়। আলোচিত সময়ে কোম্পানিটির ভ্যালুয়েশন বেড়েছে ১৪৬ কোটি ৪৩ লাখ টাকা।
এদিকে গত সপ্তাহে ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধির ১০ কোম্পানির তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে জেমিনি সি ফুড লিমিটেড। আলোচিত সপ্তাহে কোম্পানিটির দর বেড়েছে ১৭ দশমিক ৯৬ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪২ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় লেনদেন হিসাবে যা ছিল ৮ কোটি ৪৭ লাখ ১২ হাজার ৮০০ টাকা।
গত সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপার অ্যান্ড মিলসের ১৪ দশমিক ২৫ শতাংশ, ওইমেক্স ইলেকট্রোডের ১৪ দশমিক শূন্য ৫ শতাংশ, খুলনা পাওয়ারের ১০ দশমিক ৭৬ শতাংশ, এপেক্স ফুডসের ৯ দশমিক ৭২ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ৯ দশমিক শূন্য ৭ শতাংশ, ফরচুন সুজের ৮ দশমিক ৯৫ শতাংশ, এটলাস বাংলাদেশের ৮ দশমিক ৭৭ শতাংশ, প্রাইম ব্যাংকের ৮ দশমিক ১৩ শতাংশ ও আলহাজ টেক্সটাইল মিলসের ৮ দশমিক শূন্য ৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।



