down of head

স্টিল ব্যবসায় আসছে মীর আখতার

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি মীর আখতার হোসেন লিমিটেড স্টিলের ব্যবসায় আসার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য মীর স্টিল মিলস নামে একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠন করা হবে। সাবসিডিয়ারির অধিকাংশ শেয়ারের মালিকানা থাকবে তালিকাভুক্ত কোম্পানিটির কাছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ।

মীর গ্রুপের নির্মাণ খাতের ঠিকাদারি ব্যবসা পরিচালিত হয় মীর আখতার হোসেন লিমিটেডের মাধ্যমে। গ্রুপটির অধীনে সিমেন্ট, সিরামিক, কনক্রিট রেডি মিক্স ও ব্লক, ভূমি উন্নয়ন এবং আবাসন খাতের ব্যবসা রয়েছে। গ্রুপটির বিভিন্ন নির্মাণ প্রকল্পে স্টিলের প্রচুর চাহিদা আছে। ফলে নিজেদের প্রকল্পে কাজে লাগানোর উদ্দেশ্যেই স্টিল কারখানা স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে একটি স্টিল কারখানা কিনে নেয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছেন কোম্পানিটির কর্মকর্তারা।

সম্প্রতি মীর আখতার হোসেন লিমিটেডের ২৪৯ কোটি ৯০ লাখ টাকার জিরো কুপন বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। চার বছর মেয়াদি রূপান্তর অযোগ্য, পুরোপুরি অবসায়নযোগ্য, আনসিকিউরড জিরো কুপন বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বন্ডটির ইস্যু মূল্য ২০৭ কোটি ১৮ লাখ টাকা। এর ইউনিটপ্রতি অভিহিত মূল্য ৫ লাখ টাকা। বাজার বিবেচনা করে বন্ডটি ৭ থেকে ৯ শতাংশ ডিসকাউন্টে ইস্যু করা হবে। বন্ড ইস্যুর ১৮ মাস পর থেকে ষান্মাসিক ভিত্তিতে মোট ৪৮ মাসের মধ্যে ছয় মেয়াদে পুরো অর্থ অভিহিত মূল্যে পরিশোধ করা হবে। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ ঋণ পরিশোধ ও চলতি মূলধন বাড়ানোর ক্ষেত্রে ব্যয় করা হবে।

সম্পর্কিত খবর