শিরোনাম
down of head

৩৪ লাখ শেয়ার কিনবেন ইন্দো-বাংলা ফার্মার এমডি

শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অন্যতম উদ্যোক্তা ও কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম আনোয়ারুল হক। বিদ্যমান বাজার দরে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানিটির ৩৪ লাখ ৪৮ হাজার ৩০৬টি শেয়ার কিনবেন তিনি। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার কেনা হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৩০ ডিসেম্বর কোম্পাননিটির উদ্যোক্তা মো. বেলাল খান তার কাছে থাকা কোম্পানিটি ৩৪ লাখ ৪৮ হাজার ৩০৬টি শেয়ারের পুরোটাই বিক্রির ঘোষণা দেন। এরও আগে কোম্পানিটির আরেক উদ্যোক্তা মো. আমিন-উর-রশিদ তার কাছে থাকা কোম্পানিটির ৩০ লাখ ৭৫ হাজার ৭৯৪টি শেয়ার বিক্রির ঘোষণা দেন। ঘোষিত এসব শেয়ার তিনি ইতোমধ্যে বিক্রি সম্পন্ন করেছেন বলে গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জানানো হয়েছে।

২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১১৩ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৮ কোটি ২ লাখ টাতা। মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৩৭ লাখ ৩৭ হাজার ১৪০টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৪৩ দশমিক ৮২ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক শূন্য ৯ শতাংশ, দশমিক শূন্য ১ শতাংশ বিদেশী ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৪ দশমিক শূন্য ৮ শতাংশ শেয়ার রয়েছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৬৬ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ১৮ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৩৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৫৮ পয়সায়।

ডিএসইতে গতকাল ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৮ টাকা ৮০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৪ টাকা ৭০ পয়সা ও ২৭ টাকা ৯০ পয়সা।

 

সম্পর্কিত খবর