শিরোনাম
down of head

গোল্ড ব্যাংক ও এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা

জুয়েলারি ব্যবসা সহজ করতে গোল্ড ব্যাংক ও এক্সচেঞ্জ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন জুয়েলারি শিল্পের মালিকরা। এ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন। গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাজুস জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত দু্ই দিনব্যাপী মতবিনিময় সভার সমাপনী বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাজুস সহসভাপতি গুলজার আহমেদ ও আনোয়ার হোসেন, বাজুসের সাবেক সভাপতি ও জেলা মনিটরিং কমিটির চেয়ারম্যান ডা. দিলীপ রায়, বাজুস সহসম্পাদক মাসুদুর রহমান ও জয়নাল আবেদিন খোকন, বাজুস কোষাধ্যক্ষ উত্তম বণিক, বাজুস কার্যনিবাহী কমিটির সদস্য রিপনুল হাসান, মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড সোস্যাল অ্যাফেয়ার্স কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মানিক, বাজুস জেলা মনিটরিং কমিটির সদস্য মৃণাল কান্তি ধর, রকিবুল ইসলাম চৌধুরী, এনামুল হক সোহেলসহ বিভিন্ন জেলার নেতারা।

বাজুস সভাপতি বলেন, সারা দেশের জুয়েলারি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হতে হবে। জুয়েলারি শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রী আমাদের পাশে আছেন। আমার দৃঢ় বিশ্বাস জুয়েলারি পণ্য রফতানিতে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সর্বোচ্চ নীতিসহায়তা দেবেন। জুয়েলারি পণ্য রফতানি হলে বাজুস সদস্য পরিবার, সমাজ, দেশ-জাতি ও বিশ্বের কাছে সম্মান পাবেন।

তিনি আরো বলেন, দেশের একজন জুয়েলারি ব্যবসায়ীর সমস্যা মানে আমাদের সবার সমস্যা। জুয়েলারি খাতে ভ্যাটের সমস্যা সমাধান করতে হবে। হয়রানি বন্ধ করতে হবে। এ লক্ষ্যে জুয়েলারি খাতের সমস্যা সমাধানে বাজুসকে শক্তিশালী করতে হবে। সারা দেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ হতে হবে। এ লক্ষ্যে আমাদের আহ্বান, দেশের যে যেখানে আছেন, বাজুসের সদস্য হন। এ সময় সায়েম সোবহান আনভীর জুয়েলারি খাতের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা দেশে জুয়েলারি কারখানা স্থাপন করুন। রফতানিতে মনোযোগ দিন।

সম্পর্কিত খবর