সালভো কেমিক্যালের মুনাফা বেড়েছে সাড়ে চার গুণ
চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ভালো মুনাফা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় সাড়ে চার গুণ বেড়েছে। ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটির মূল্যসংবেদনশীল তথ্যে (পিএসআই) ব্যবসার এ চিত্র উঠে এসেছে।
পিএসআইয়ের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে রসায়ন খাতের কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৩০ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১ টাকা ৫ পয়সা বা ৪ দশমিক ৫ গুণ। অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ৮০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৪ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সালভো কেমিক্যাল। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ৩৪ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩০ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানটির এনএভিপিএস দাঁড়ায় ১২ টাকা ৬৯ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ৪৬ পয়সা।



