রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
রোববার ভোর থেকে মেঘে ঢেকে যায় ঢাকার আকাশ। সকাল ৯টার পর রাজধানীর বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি শুরু হয়। তবে সকাল সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়ে গেছে। কোথাও হালকা বৃষ্টি ছিল। সঙ্গে ছিল প্রাণজুড়ানো হিমেল হাওয়া। গরমে গত কয়েকদিন জনজীবনে হাঁসফাঁস অবস্থা। এমন প্রেক্ষাপটে বাতাস, মেঘ ও হালকা বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি ফিরেছে ঢাকায়।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, যশোর, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, বরিশাল এবং নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
তাছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার গরম বেড়ে দেশের দুই জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছিল। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করে। এছাড়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আরো ঢাকাসহ নতুন নতুন এলাকায় বিস্তার লাভ করে।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এছাড়া পাবনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। তবে ঝড়-বৃষ্টি বেড়ে রোববার সারাদেশের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া বিভাগ।
এন এস



