মালয়েশিয়ান পাম অয়েলের বাজারে দরপতন
মালয়েশিয়ান পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য কমেছে। গতকাল সর্বশেষ কার্যদিবসে দরপতনের এ ঘটনা ঘটে। প্রতিদ্বন্দ্বী ভোজ্যতেলের দাম কমে যাওয়া এবং চাহিদায় ভাটা পড়ার আশঙ্কায় পাম অয়েলের দাম কমেছে। খবর বিজনেস রেকর্ডার।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জানুয়ারিতে সরবরাহের জন্য চুক্তি করা প্রতি টন পাম অয়েলের দাম ২ দশমিক ৫৭ শতাংশ বা ১২৬ রিঙ্গিত কমেছে। প্রতি টনের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬৯ রিঙ্গিত বা ১ হাজার ১৪৬ ডলার ৯৫ সেন্টে।
কুয়ালালামপুরভিত্তিক এক ব্যবসায়ী জানান, বুরসা মালয়েশিয়ায় পাম অয়েলের দাম দ্রুত কমলেও স্পট মার্কেটে দাম এখনো ঊর্ধ্বমুখীই রয়েছে। একদিনের ব্যবধানে পাম অয়েল ও সয়াবিনের দাম কমে যাওয়ায় শীর্ষ ক্রেতা দেশ ভারতে আমদানি চাহিদা কমার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি দরপতনে বড় ভূমিকা রেখেছে।
রেফিনিটিভের এগ্রিকালচার রিসার্চ বিভাগ জানায়, স্বভাবতই পাম অয়েল উৎপাদন কমে যাওয়ায় মজুদ কমতির দিকে ছিল। কিন্তু উচ্চমূল্যের কারণে রফতানি সম্ভাবনা কমে যাওয়ায় মজুদ আবারো বাড়তে পারে।
রেফিনিটিভ এক নোটে জানায়, প্রধান গন্তব্যগুলো আগামী সপ্তাহগুলোয় ক্রয়ের পরিমাণ কমিয়ে দিতে পারে। ফলে শিগগিরই আরো বাড়তে পারে মজুদ। এটি পাম অয়েলের বাজারকে চাপের মুখে ফেলবে।


