অস্ট্রেলিয়ায় আকরিক লোহা উত্তোলন কমেছে
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ায় আকরিক লোহা উত্তোলন কমেছে। কভিড-১৯ জনিত ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে শ্রমিক সংকট তৈরি হওয়ায় উত্তোলনে নিম্নমুখিতা দেখা দেয় বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। খবর নিক্কেই এশিয়া।
অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি আকরিক লোহা উত্তোলন করা হয় দেশটির পশ্চিমাঞ্চল থেকে। অ্যাংলো-অস্ট্রেলিয়ান মাইনিং জায়ান্ট বিএইচপি গ্রুপ এবং রিও টিন্টোর বেশির ভাগ খনিই এ অঞ্চলে অবস্থিত। কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে শ্রমিকদের খনিতে প্রবেশের ক্ষেত্রে পুরো সময়জুড়েই বেগ পেতে হয়েছে।
জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় বিএইচপির আকরিক লোহা উত্তোলন ৫ শতাংশ কমে ৭ কোটি ৬ লাখ টনে নেমেছে। উত্তোলন কমে যাওয়ার পেছনে পরিকল্পিত প্রধান রক্ষণাবেক্ষণ কর্মসূচিকেও দায়ী করছে কোম্পানিটি।
প্রতিষ্ঠানটি আরো জানায়, মহামারীজনিত বিধিনিষেধ থাকায় শ্রমিক সংকট তীব্র আকার ধারণ করে। ফলে রেলপথে বন্দরে আকরিক লোহা সরবরাহও কঠিন হয়ে পড়ে।
এদিকে রিও টিন্টোর অস্ট্রেলিয়ায় আকরিক লোহা উত্তোলন ৪ শতাংশ কমেছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি ৮ কোটি ৩৩ লাখ টন আকরিক লোহা উত্তোলন করে।
কোম্পানিটির সিইও জ্যাকব স্টসলম বলেন, আগের প্রান্তিকের তুলনায় পরিস্থিতি ভালো থাকলেও জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে উত্তোলন কার্যক্রম চালানো আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। উত্তোলন বাড়াতে আমরা আমাদের সুযোগগুলো চিহ্নিত করার চেষ্টা করছি।


