ব্যাংক ও আর্থিক খাতে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে
পুঁজিবাজারে আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। ফলে এই দুই খাতে টানা তিন সপ্তাহ পরে ইতিবাচক রিটার্ন এসেছে। বাজার স্থিতিশীলতায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নানামুখী পদক্ষেপের কারণে গত সপ্তাহে বড় পতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ব্যাংক ও আর্থিক খাতের কোম্পানিগুলো থেকে গড়ে প্রতিদিন যথাক্রমে শূন্য দশমিক ৭০ শতাংশ এবং ১ দশমিক ৪০ শতাংশ করে ইতিবাচক রিটার্ন এসেছে। যেখানে আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১ দশমিক ৯০ শতাংশ ও ৪ দশমিক ৫ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছিল।
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ব্যাংক ও আর্থিক খাতে যথাক্রমে ২৯৭ ও ১৫২ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে এই দুই খাতে লেনদেনের পরিমাণ ছিল যথাক্রমে ৩১৯ ও ১১৭ কোটি টাকা। সেই হিসাবে সপ্তাহের ব্যবধানে এ দুই খাতের লেনদেন বেড়েছে ২ দশমিক ২৯ শতাংশ। গত সপ্তাহে খাত দুটির মোট লেনদেন ছিল ৪৪৯ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৪৩৭ কোটি টাকা।
গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে ব্যাংক ও আর্থিক খাতের বাজার মূলধনও বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহের শুরুতে ব্যাংক ও আর্থিক খাতের যৌথভাবে বাজার মূলধন ছিল ৯২ হাজার ২৯৯ কোটি টাকা। সপ্তাহ শেষে এ দুই খাতের বাজার মূলধন দাঁড়িয়েছে ৯২ হাজার ৮৮৮ কোটি টাকায়। সপ্তাহের ব্যবধানে খাত দুটির মোট বাজার মূলধন বেড়েছে ৫৮৯ কোটি টাকা।
গত সপ্তাহে এর আগের সপ্তাহের তুলনায় ব্যাংক খাতের শেয়ারের মধ্যে রূপালী ব্যাংকের লেনদেন বেড়েছে সবচেয়ে বেশি ১২৯ শতাংশ। এছাড়া এ সময়ে ইউসিবি ব্যাংকের ১২৮ শতাংশ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের লেনদেন বেড়েছে ৯৭ শতাংশ। ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউসিবি ব্যাংক ও উত্তরা ব্যাংকের লেনদেনও এ সময়ে বেড়েছে।
অন্যদিকে গত সপ্তাহে আর্থিক খাতের মধ্যে আইপিডিসি ফাইন্যান্সের লেনদেন বেড়েছে ১৩৪ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮৯ শতাংশ ও আইডিএলসি ফাইন্যান্সের ৮১ শতাংশ। এছাড়া বিডি ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, আইসিবি, ইসলামিক ফাইন্যান্স, লংকাবাংলা ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স, ইউনাইটেড ফাইন্যান্স ও উত্তরা ফাইন্যান্সের লেনদেন বেড়েছে।



