বেঙ্গল ইসলামি লাইফের অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা শনিবার রাজধানীর প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন প্রকল্পের প্রকল্প প্রধান, উপ-প্রকল্প প্রধান, সহকারী প্রকল্প প্রধান এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভা সঞ্চালনা করেন কোম্পানির ব্রাঞ্চ সার্ভিস বিভাগের প্রধান শাহাদাত হোসেন ভূঁইয়া।

সভায় ২০২৬ সালের প্রথম ছয় মাসের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি বছরের অবশিষ্ট ছয় মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম নবায়ন প্রিমিয়াম সংগ্রহে সর্বোচ্চ গুরুত্বারোপের পাশাপাশি গ্রাহকস্বার্থ সংরক্ষণে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি বলেন, দক্ষ ও যোগ্য জনবল নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে গ্রাহকের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা নিশ্চিত করলে কোম্পানির ব্যবসায়িক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। তিনি ২০২৬ সালের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় উপ-প্রকল্প প্রধান ও সহকারী প্রকল্প প্রধানরা নিজ নিজ কর্মপরিকল্পনা ও মতামত উপস্থাপন করেন। তারা নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে মাঠপর্যায়ে কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর