বাংলাদেশ কমার্স ব্যাংকের সাগরদীঘি বাজার উপশাখা চালু
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) সাগরদীঘি বাজার উপশাখা চালু করা হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে উপশাখাটি উদ্বোধন করা হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী উপস্থিত থেকে উপশাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার এফসিএ। এ সময় সিডস্টোর ও বল্লা শাখার ব্যবস্থাপক, উপশাখার ইনচার্জসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী বলেন, সর্বাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এ নতুন উপশাখা এ এলাকার অর্থনীতিকে আরো বেগবান করতে যথাযথ ভূমিকা পালন করবে। নতুন উপশাখাটি ব্যাংকিং নিয়মের মধ্যে থেকে এলাকার গ্রাহকদের সব ধরনের ব্যাংকিং সেবা দেবে। এ সময় গ্রাহকদের সর্বোচ্চমানের সেবা দিতে উপশাখার ইনচার্জসহ সব কর্মকর্তাকে নির্দেশনা দেন তিনি।



