down of head

পুঁজিবাজারে বিদেশীদের বিনিয়োগের আহ্বান

দেশের পুঁজিবাজার এখন বিনিয়োগের অন্যতম ক্ষেত্র। এখানে নতুন নতুন পণ্য আসছে। এসব পণ্যে প্রবাসী ও বিদেশীদের বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত এক অনুষ্ঠান থেকে এ আহ্বান জানানো হয়।

প্রবাসী ও বিদেশী বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী করে তুলতে বিএসইসি ‘ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব: নেটওয়ার্কিং ডিনার’ অনুষ্ঠানটি আয়োজন করে। বৃহস্পতিবার রাতে আবুধাবির এমিরেটস প্যালেস হোটেলে এ আয়োজনের শেষ পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এছাড়া বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজার) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিদের উদ্দেশে অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, আপনারা অনুগ্রহ করে বাংলাদেশে আসুন। স্বচক্ষে ঘুরে দেখুন ও বিনিয়োগ করুন। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ সমর্থন ও সহযোগিতা পাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা আরো বলেন, গত ১৩ বছরে বাংলাদেশ নিজেকে পুরোপুরি বদলে দিয়েছে। শুধু তাই নয়, আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি এবং সরকার যে ধরনের উদ্যোগ নিয়েছে তাতে আমরা দ্রুত মধ্যম আয়ের দেশে পরিণত হব।

সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীদের ইকুইটি, বন্ড ও কমোডিটি মার্কেটে বিনিয়োগের আহ্বান জানান বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ এখন প্রস্তুত। বাংলাদেশে বিনিয়োগ করে আপনারা সর্বোচ্চ রিটার্ন পাবেন। এখানে বিনিয়োগের নিরাপত্তা রয়েছে।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, এখন পুঁজিবাজার প্রকৃত অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরতে প্রস্তুত। আমাদের বাজারে নতুন পণ্য, নতুন বন্ড, সুকুক বন্ড, মুনি বন্ড, অবকাঠামো বন্ড, গ্রিন বন্ড, ব্লু বন্ড আসছে। এসব জায়গায় বিনিয়োগের সুযোগ রয়েছে। বাজারে নতুন নতুন পণ্য আসছে। আমাদের একটি ভালো ইকুইটি মার্কেট রয়েছে। একই সঙ্গে আমাদের বন্ড মার্কেট এখন খুব ভালো করছে। গত এক বছর দুই মাসে আমরা ৬০ হাজার কোটি টাকার বন্ড ইস্যু করেছি।

সম্পর্কিত খবর