পুঁজিবাজারে আসছে গ্রামীণ ব্যাংক-এইমস ফার্স্ট ইউনিট ফান্ড
গ্রামীণ ব্যাংকের উদ্যোগে দেশের পুঁজিবাজারে আসছে গ্রামীণ ব্যাংক-এইমস ফার্স্ট ইউনিট ফান্ড। গ্রামীণ ব্যাংকের উদ্যোগে এটি দ্বিতীয় মিউচুয়াল ফান্ড। ফান্ডটিতে প্রাথমিকভাবে গ্রামীণ ব্যাংক ১০০ কোটি টাকা বিনিয়োগ করছে। নতুন ফান্ডটির মাধ্যমে এইমসের বেমেয়াদি ফান্ড পরিচালনার যাত্রা শুরু হতে যাচ্ছে। এর আগে গ্রামীণ ব্যাংক গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ানের অধীনে দুটি স্কিম বাজারে ছাড়ে। যার সম্পদ ব্যবস্থাপনায় আছে এইমস।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রামীণ ব্যাংক-এইমস ফার্স্ট ইউনিট ফান্ডের নথি নিবন্ধন এরই মধ্যে শেষ হয়েছে। উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক ও ট্রাস্টি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে একটি ট্রাস্ট চুক্তি হয়েছে। একই সঙ্গে গ্রামীণ ব্যাংক ও দেশের প্রথম বেসরকারি মিউচুয়াল ফান্ড প্রবর্তনকারী প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি বিনিয়োগ ব্যবস্থাপনা চুক্তি সই হয়।
গ্রামীণ ব্যাংক ভবনে অনুষ্ঠিত ওই চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ, এমডি মো. আবদুর রহিম খান, এইমসের এমডি ইয়াওয়ার সায়ীদ, পরিচালক ড. আখতার হোসেন ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব মো. মিজানুর রহমান।
ফান্ড সংশ্লিষ্টরা বলছেন, গ্রামীণ ব্যাংক-এইমস ফার্স্ট ইউনিট ফান্ডের দীর্ঘমেয়াদি লক্ষ্য হবে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে সমাজের ক্ষুদ্র ও মধ্যম-আয়ের সঞ্চয়কারীদের নিয়ে কাজ করা। একটি নির্ভরশীল ও সাশ্রয়ী বিনিয়োগ পরিবেশের মাধ্যমে তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা। কাঠামোগতভাবে ও দায়বদ্ধতার সঙ্গে পুঁজিবাজারের সঙ্গে এ ফান্ডটি সঞ্চয়কারীদের সম্পৃক্ত করবে। এছাড়াও ক্রমবর্ধমান ঝুঁকিবিমুখ প্রবীণ অবসরপ্রাপ্ত গোষ্ঠীর পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্যও ফান্ডটি একটি প্রত্যাশিত লভ্যাংশ ও মূলধনি আয়প্রাপ্তির নিরাপদ মাধ্যম হিসেবে বিবেচিত হবে। এ লক্ষ্যে ফান্ডটির বেমেয়াদি স্কিমটি গ্রামীণ ব্যাংকের প্রান্তিক ক্ষুদ্র মহিলা সঞ্চয়কারীদের বিশেষ বিবেচনায় নিয়ে গঠন করা হয়েছে।



