নারায়ণগঞ্জে অস্ত্র তৈরির কারখানা জব্দ, অস্ত্রসহ মূলহোতা আটক
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় একটি বাড়িতে দেশীয় অস্ত্র তৈরির কারখানা শনাক্ত করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় দুটি দেশীয় অস্ত্রসহ অস্ত্র তৈরির মূলহোতাকে আটক করা হয়েছ। সেই সঙ্গে জব্দ করা হয়েছে অস্ত্র তৈরির সরঞ্জাম।
বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের পাইকপাড়া মাঠ এলাকার সামিমা আরা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম জব্দ করে ডিবি।
পুলিশ সূ্ত্রে জানা যায়, আটক হওয়া মো. করিম চাঁদপুর জেলার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি পাইকপাড়ায় তার বোনের বাড়িতে অবস্থান করছিলেন। করিম তার বোনের বাড়ির একটি কক্ষে অবৈধভাবে এসব অস্ত্র তৈরী করতেন বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার চাই মারমা জানায়, প্রায় দেড় মাস অনুসন্ধানের পর অবৈধ এই অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পান পুলিশের গোয়েন্দা বিভাগ। গতকাল অভিযান পরিচালনা করে গতকাল ওই ঘটনাস্থল শনাক্ত করেন তারা। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র তৈরির কারিগর করিম মিয়াকে আটক করা হয়। এসময় দুটি দেশীয় তৈরি রিভালভার উদ্ধার করা হয়। এছাড়া একটি বন্দুকের পাইপের অংশসহ অস্ত্র তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
আটককৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই অবৈধ অস্ত্রকারবারের সঙ্গে জড়িত সকলকে দ্রুত আটকের কথা জানিয়েছেন তারা।



