down of head

ডায়মন্ড লাইফের ৬০% শেয়ার নিয়ে দেশে শ্রীলঙ্কার সফটলজিক’র যাত্রা শুরু

বাংলাদেশের জীবন বিমা খাতে প্রথমবারের মতো নিয়ন্ত্রণমূলক অংশীদারত্ব নিয়ে যাত্রা শুরু করেছে শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় জীবনবিমা প্রতিষ্ঠান ‘সফটলজিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’। প্রতিষ্ঠানটি দেশের ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে।

সোমবার (২০ জুলাই) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে- সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের জীবনবিমা শিল্পে এটিই প্রথম বড় ধরনের আন্তর্জাতিক অধিগ্রহণ, যা দেশের বিমা খাতে নতুন বিনিয়োগ, প্রযুক্তি ও সেবার মানোন্নয়নের পথ খুলে দিতে পারে।

এই অধিগ্রহণের মাধ্যমে সফটলজিক লাইফ প্রথমবারের মতো নিজেদের আন্তর্জাতিক কার্যক্রম সম্প্রসারণ করছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় বিমাবাজারগুলোর একটি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের ১৭ কোটিরও বেশি মানুষের জন্য জীবনবিমা সেবায় নতুন অভিজ্ঞতা নিয়ে আসার প্রত্যাশা করছে সফটলজিক লাইফ।

প্রতিষ্ঠানটির দাবি, তারা কেবল আর্থিক বিনিয়োগকারী হিসেবে নয়, বরং গ্রাহকের আস্থা অর্জন, উন্নত সেবা দেওয়া এবং প্রযুক্তিনির্ভর বিমা ব্যবস্থাপনা গড়ে তুলতেই বাংলাদেশে এসেছে।

সম্ভাবনাময় বাজারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা
বাংলাদেশের অর্থনীতির আকার ও জনসংখ্যার তুলনায় বিমার প্রসার এখনো সীমিত। তবে মধ্যবিত্ত শ্রেণির সম্প্রসারণ, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার প্রবণতা বাড়ায় জীবনবিমার বাজারও ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে।

এই সম্ভাবনা সামনে রেখে সফটলজিক লাইফ দীর্ঘমেয়াদে বাংলাদেশের বাজারে অবস্থান নিতে চায়। প্রতিষ্ঠানটির পরিকল্পনা হলো—নিজেদের এক দশকের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গ্রাহকদের জন্য সহজ, স্বচ্ছ ও কার্যকর জীবনবিমা সেবা নিশ্চিত করা।

এক দশকে প্রায় ১০ গুণ প্রবৃদ্ধি
বাংলাদেশে বিনিয়োগের পেছনে সফটলজিক লাইফের সবচেয়ে বড় শক্তি তাদের নিজ দেশের সফল ব্যবসায়িক অভিজ্ঞতা। গত এক দশকে প্রতিষ্ঠানটি একটি দ্রুত বর্ধনশীল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান থেকে শ্রীলঙ্কার অন্যতম বৃহৎ জীবনবিমা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

এই সময়ে স্বাস্থ্য ও সুরক্ষা বিমার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে, নিয়মিত নতুন পণ্য ও সেবা উদ্ভাবন এবং গ্রাহকের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় ১০ গুণ প্রবৃদ্ধি অর্জন করেছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রবৃদ্ধির গতি আরও বেড়েছে, যা তাদের আঞ্চলিক সম্প্রসারণের ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।

চার বছরে দ্বিগুণ হয়েছে প্রধান সব সূচক
সফটলজিক লাইফ জানায়, গত চার বছরে প্রতিষ্ঠানটির গ্রস রিটেন প্রিমিয়াম, কর-পূর্ব মুনাফা, কর-পরবর্তী মুনাফা এবং শেয়ারপ্রতি আয় সবগুলো সূচকই প্রায় দ্বিগুণ হয়েছে।

পরিকল্পিত ব্যবসায়িক কার্যক্রম, বাজারে শক্তিশালী অবস্থান এবং গ্রাহক ও অংশীদারদের জন্য ধারাবাহিক মূল্য সৃষ্টির ফলেই এ সাফল্য এসেছে বলে প্রতিষ্ঠানটির দাবি।

গত ১০ বছরে সফটলজিক লাইফের গ্রস রিটেন প্রিমিয়ামের বার্ষিক গড় প্রবৃদ্ধি ছিল ২৬ শতাংশ, যেখানে শ্রীলঙ্কার জীবনবিমা শিল্পের গড় প্রবৃদ্ধি ছিল ১৬ শতাংশ। একই সময়ে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ৩০ শতাংশের বেশি রিটার্ন অন ইক্যুইটি ধরে রাখতে সক্ষম হয়েছে।

আন্তর্জাতিক বিনিয়োগে শক্তিশালী হয়েছে ভিত্তি
সফটলজিক লাইফের সক্ষমতা আরও বাড়িয়েছে একাধিক আন্তর্জাতিক বিনিয়োগ ও অধিগ্রহণ। প্রতিষ্ঠানটি শ্রীলঙ্কায় বিশ্বের অন্যতম বৃহৎ বিমা প্রতিষ্ঠান ‘অ্যালিয়াঞ্জ’-এর স্থানীয় কার্যক্রম ‘অ্যালিয়াঞ্জ লাইফ ইনস্যুরেন্স লঙ্কা’ অধিগ্রহণ করেছে।

এছাড়া আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ‘নরফান্ড’ এবং ‘ওপি ফিনফান্ড’ -এর কৌশলগত বিনিয়োগ প্রতিষ্ঠানটির মূলধন, করপোরেট সুশাসন এবং পরিচালন সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে।

একই সঙ্গে ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং উন্নত গ্রাহকসেবাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রমকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করেছে।

দ্রুত ক্লেইম নিষ্পত্তিতে বিশেষ গুরুত্ব
জীবনবিমায় গ্রাহকের সবচেয়ে বড় প্রত্যাশা থাকে দাবি বা ক্লেইম নিষ্পত্তির সময়। আর এই জায়গাতেই বাংলাদেশে পরিবর্তন আনতে চায় সফটলজিক লাইফ।

প্রতিষ্ঠানটি জানায়, শ্রীলঙ্কায় স্বাস্থ্য ও সুরক্ষা বিমার ক্লেইম নিষ্পত্তিতে তারা শীর্ষ অবস্থানে রয়েছে। শুধু অধিক পরিমাণ দাবি পরিশোধ নয়, বরং দ্রুততম সময়ে দাবি নিষ্পত্তিও তাদের অন্যতম শক্তি।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্লেইম প্রসেসিং ব্যবস্থার মাধ্যমে আগে যে প্রক্রিয়ায় দীর্ঘ সময় ও বিপুল কাগজপত্রের প্রয়োজন হতো, সেটিকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করা হয়েছে। ফলে গ্রাহকেরা কম সময়ে কার্যকরভাবে বিমার অর্থ পাচ্ছেন।

প্রতিষ্ঠানটির ভাষ্য, এই দ্রুত, স্বচ্ছ ও গ্রাহককেন্দ্রিক সেবার কারণেই শ্রীলঙ্কায় তারা বৃহৎ গ্রাহকভিত্তির আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

ব্লুমবার্গেও উঠে এসেছে সক্ষমতা
সম্প্রতি বিশ্বখ্যাত সংবাদমাধ্যম ব্লুমবার্গ-এ প্রকাশিত এক প্রতিবেদনে বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সফটলজিক লাইফের সেবার মান ও সক্ষমতার বিষয়টি তুলে ধরা হয়েছে।

বাংলাদেশেও একই অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এর মধ্যে থাকবে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী নতুন বিমাপণ্য তৈরি, শক্তিশালী ও সুশৃঙ্খল বিতরণ ব্যবস্থা, দ্রুত ও কার্যকর ক্লেইম নিষ্পত্তি, প্রযুক্তিনির্ভর পরিচালনা ব্যবস্থা এবং শক্তিশালী করপোরেট সুশাসন নিশ্চিত করা।

আঞ্চলিক সম্প্রসারণের প্রথম ধাপ বাংলাদেশ
সফটলজিক লাইফের মতে, শ্রীলঙ্কার বাজারে নিজেদের নেতৃত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশে প্রবেশ তাদের বৃহত্তর আঞ্চলিক সম্প্রসারণ কৌশলের প্রথম ধাপ।

প্রতিষ্ঠানটির বিশ্বাস, শ্রীলঙ্কায় অর্জিত শৃঙ্খলাপূর্ণ ব্যবসায়িক কার্যক্রম, উদ্ভাবনী পণ্য, দ্রুত ক্লেইম নিষ্পত্তি, প্রযুক্তিনির্ভর সেবা এবং গ্রাহককেন্দ্রিক পরিচালন অভিজ্ঞতা বাংলাদেশের জীবনবিমা খাতেও দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আনবে এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য বাজারেও ভবিষ্যতে মূল্য সংযোজন করবে।

সম্পর্কিত খবর