চলতি মৌসুমে রেকর্ড শস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ভারতের

চলতি মৌসুমে ভারতের রেকর্ড পরিমাণ শস্য উৎপাদন হতে পারে। জুনে সমাপ্ত এ মৌসুমে দেশটির মোট উৎপাদিত শস্যের পরিমাণ দাঁড়াতে পারে মোট ৩১ কোটি ৬১ লাখ টন। ভারতের কৃষি মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এমনটা দেখা যায়। গত বছর দেশটিতে মোট উৎপাদিত শস্যের পরিমাণ ছিল ৩১ কোটি ৭ লাখ টন। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।

এ সময়ে দেশটির গম উৎপাদন লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে ১১ কোটি ১৩ লাখ টন। গত মৌসুমে দেশটির উৎপাদিত গমের পরিমাণ ছিল ১০ কোটি ৯৬ লাখ টন। এ সময়ে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে ১২ কোটি ৭৯ লাখ টন। গত মৌসুমে ভারতের উৎপাদিত চালের পরিমাণ ছিল ১২ কোটি ৪৪ লাখ টন।

চলতি মৌসুমে ভারতের তেলবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে ৩ কোটি ৭১ লাখ টন। গত বছর দেশটির উৎপাদিত তেলবীজের পরিমাণ ছিল ৩ কোটি ৫৯ লাখ টন। উৎপাদিত তেলবীজের মধ্যে র্যাপসিড উৎপাদন ১ কোটি ১৪ লাখ টন দাঁড়াবে বলে আশা করা হচ্ছে, যা ১ কোটি ৯ লাখ টনের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে। গত মৌসুমে উৎপাদিত র্যাপসিডের পরিমাণ ছিল ১ কোটি ২ লাখ টন। এ মৌসুমে ভারতের ছোলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে ১ কোটি ৩২ লাখ টন। গত বছরে দেশটিতে উৎপাদিত ছোলার পরিমাণ ছিল ১ কোটি ১৯ লাখ টন। ছোলা ভারতের একটি জনপ্রিয় ডালের জাত হিসেবে ব্যবহার করা হয়।

 

সম্পর্কিত খবর