চলতি বছর শক্তিশালী প্রবৃদ্ধির পূর্বাভাস কমার্জব্যাংকের
গত বছরের চতুর্থ প্রান্তিক ও মোট বার্ষিক নিট মুনাফায় প্রত্যাশার চেয়ে ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে জার্মান ব্যাংকিং কোম্পানি কমার্জব্যাংক। চলতি বছরের জন্য একটি ভালো মানের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রাও দেখছে ব্যাংকটি। খবর রয়টার্স।
কমার্জব্যাংক জানায়, বিশ্লেষকদের পূর্বাভাস অতিক্রম করে চলতি বছর ব্যাংকটির মুনাফার পরিমাণ ১০০ কোটি ইউরো (১১৪ কোটি ডলার) ছাড়িয়ে যেতে পারে। একই সঙ্গে চলতি বছরের জন্য লভ্যাংশ প্রদানসহ আগামী বছরের প্রথমদিকে স্টক মার্কেটে থাকা শেয়ার পুনরায় ক্রয় করাও সম্ভব হবে বলে জানায় ব্যাংকটি। মূলত কমার্জভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের আয়, সিকিউরিটিজ ট্রেডিং ব্যবসা থেকে কমিশন এবং কভিড-১৯ মোকাবেলায় বিভিন্ন নীতিমালা সহজ করার ফলে এমন ইতিবাচক প্রবৃদ্ধি দেখতে শুরু করেছে কমার্জব্যাংক।
পুরো বছর শেষে একটি মুনাফালব্ধ বছর জার্মানির দ্বিতীয় বৃহত্তম ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যানফ্রেড নফের জন্য একটি বিজয় হিসেবে দেখা হচ্ছে। ২০২১ সালের শুরুতে তিনি ব্যাংটিতে যোগদানের পর ২০০ কোটি ইউরোর সংস্কার কার্যক্রম পরিচালনা করেন। এর মধ্যে রয়েছে কয়েকশ শাখা বন্ধ করে দেয়া এবং ১০ হাজারের মতো কর্মী ছাঁটাই। এসব পরিকল্পনা ব্যাংটিকে মুনাফার দিকে ধাবিত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নফ বলেন, পরিবর্তনের প্রথম বছরে আমরা আমাদের প্রতিশ্রুতি পূর্ণ করেছি। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে, যার ফলে আমরা ২০২৪ সালের জন্য আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব বলে মনে করছি।
তবে অনেকে মনে করছেন নফের লক্ষ্য পূরণে আরো বেশকিছু পথ বাকি আছে। চুক্তি অনুসারে আরো চার হাজার পরিকল্পিত কর্মী ছাঁটাইয়ের কার্যক্রম এখনো বাকি আছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি পুঁজিবাজারে ব্যাংকটির শেয়ারমূল্য বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ।
চতুর্থ প্রান্তিকের জন্য কমার্জব্যাংকের মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ১০ লাখ ইউরো। পুরো বছরের জন্য ব্যাংটির নিট মুনাফার পরিমাণ দাঁড়ায় ৪৩ কোটি ইউরো। এর আগে ব্যাংটির লোকসানের পরিমাণ ছিল ২৯০ কোটি ইউরো। এর আগে বিশ্লেষকরা ধারণা করেছিলেন ব্যাংটি ৯০ কোটি ইউরো মুনাফা অর্জন করবে, যা ২০১৫ সালের পর থেকে সর্বোচ্চ পরিমাণ।
কমার্জব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা জানান, ইউরোপের উচ্চ সুদের হারের সম্ভাবনা ব্যাংকের সুদ আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখতে পারে।


