কাগজ, পাট ও ওষুধ ছাড়া সব খাতেই ঋণাত্মক রিটার্ন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহেও বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রি করে দেয়ার প্রবণতা দেখা গেছে। লোকসান এড়াতে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেন অনেকে। এ সময়ে কাগজ, পাট এবং ওষুধ ও রসায়ন খাত ছাড়া বাকি সব খাতেই ঋণাত্মক রিটার্ন এসেছে। গত সপ্তাহে এক্সচেঞ্জটিতে সূচক ও লেনদেন দুটোই কমেছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন নিম্নমুখী প্রবণতায় রয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৫৬ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ৮৫ শতাংশ কমে ৬ হাজার ৫৮৫ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ৬ হাজার ৬৪১ পয়েন্টে। সূচকের পতনে গত সপ্তাহে সবচেয়ে বেশি অবদান ছিল বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, পূবালী ব্যাংক, রবি আজিয়াটা, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও ফরচুন সুজের শেয়ারের।
ডিএসইর অন্য সূচকের মধ্যে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ১১ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ কমে ২ হাজার ৪৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৪৫১ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ৫ দশমিক ৮২ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ কমে ১ হাজার ৪৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৪৫৪ পয়েন্টে।
ডিএসইতে গত সপ্তাহের চার কার্যদিবসে ২ হাজার ২৬৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন ছিল ৩ হাজার ৩৯ কোটি ২৭ লাখ টাকার। সেই হিসাবে সাপ্তাহিক লেনদেন কমেছে ৭৭৫ কোটি ৫৯ লাখ টাকা বা ২৫ দশমিক ৫২ শতাংশ। গত সপ্তাহে এক্সচেঞ্জটিতে দৈনিক গড়ে ৫৬৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৬০৭ কোটি ৮৫ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক লেনদেন কমেছে প্রায় ৪২ কোটি টাকা বা ৬ দশমিক ৯ শতাংশ।
গত সপ্তাহে এক্সচেঞ্জটির খাতভিত্তিক লেনদেনে শীর্ষে ছিল বিবিধ খাত। ডিএসইর মোট লেনদেনের ১২ দশমিক ৬ শতাংশ ছিল খাতটির দখলে। ১১ দশমিক ৫ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। ১০ দশমিক ৯ শতাংশ নিয়ে লেনদেন তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে আর্থিক খাত। ৯ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। পরের অবস্থানে থাকা বস্ত্র খাতের দখলে ছিল মোট লেনদেনের ৮ দশমিক ৭ শতাংশ। এছাড়া ষষ্ঠ অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল ৬ দশমিক ৬ শতাংশ।
ডিএসইতে গত সপ্তাহে বেশির ভাগ খাত থেকেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে ২ দশমিক ৮ শতাংশ নিয়ে শীর্ষে রয়েছে চামড়া খাত। পরের অবস্থানে রয়েছে সেবা ও আবাসন খাত। খাতটি থেকে নেতিবাচক রিটার্ন এসেছে ২ দশমিক ৬ শতাংশ। ২ দশমিক ৪ শতাংশ নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে আইটি খাত। এছাড়া ব্যাংক খাত থেকে ১ দশমিক ৯, টেলিকম খাত থেকে ১ দশমিক ৯ এবং বস্ত্র ও সাধারণ বীমা খাত থেকে ১ দশমিক ৬ শতাংশ করে ঋণাত্মক রিটার্ন এসেছে। অন্যদিকে ইতিবাচক রিটার্নে গত সপ্তাহে শীর্ষে ছিল পেপার খাত। খাতটি থেকে ইতিবাচক রিটার্ন এসেছে ৪ শতাংশ। এছাড়া দশমিক ৬ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে প্রকৌশল খাত থেকে। আর ওষুধ ও রসায়ন খাতে ইতিবাচক রিটার্ন এসেছে দশমিক ৩ শতাংশ।
ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৯৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির। কমেছে ২৮০টির। আর অপরিবর্তিত ছিল ২৮টির। লেনদেন হয়নি ৯টির।
অন্যদিকে সিএসইতে গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৬৯ শতাংশ কমে ১৯ হাজার ৩৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ১৯ হাজার ৫০২ পয়েন্টে। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে দশমিক ৬৯ শতাংশ কমে ১১ হাজার ৬১৯ পয়েন্টে অবস্থান নিয়েছে। আগের সপ্তাহ শেষে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ৭০০ পয়েন্টে। সিএসইতে গত সপ্তাহের চার কার্যদিবসে লেনদেন হয়েছে প্রায় ৭৩ কোটি টাকা। আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে যেখানে লেনদেন হয়েছিল ৮৬ কোটি ৬৫ লাখ টাকা। আলোচ্য সময়ে সিএসইতে লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ২৩৪টির, অপরিবর্তিত রয়েছে ২৫টির।



