ইস্টার্ন হাউজিংয়ের ঋণমান ডাবল এ প্লাস ও এসটি-ওয়ান
পুঁজিবাজারে তালিকভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং করার দিন পর্যন্ত আনুষঙ্গিক হালনাগাদ তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমারজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। আগের হিসাব বছরে যেখানে আয় ছিল ৮৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭১ টাকা ৮ পয়সা।
৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১২ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭০ টাকা ৩৩ পয়সা।
৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে। আলোচ্য বছরে কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ১২ পয়সা এবং এনএভিপিএস ছিল ৬২ টাকা ৪৭ পয়সা।
৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ লভ্যাংশ দেয়। সমাপ্ত হিসাব বছরে ইস্টার্ন হাউজিংয়ের ইপিএস ছিল ৩ টাকা ৭০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৪৮ পয়সা। ৩০ জুন এনএভিপিএস দাঁড়ায় ৬১ টাকা ৩৫ পয়সা। ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
ডিএসইতে আজ বুধবার ইস্টার্ন হাউজিং শেয়ার সর্বশেষ দর ছিল ৪৯ টাকা। সমাপনী দর ছিল ৪৮ টাকা ৮০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৮ টাকা ৮০ পয়সা ও ৬৭ টাকা ৫০ পয়সা।


