অন্তর্বর্তী নগদ লভ্যাংশ পাঠিয়েছে বাটা সু

চলতি হিসাব বছরের প্রথম নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) জন্য ঘোষিত অন্তর্বর্তী নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে চলতি হিসাব বছরের প্রথম নয় মাসের জন্য ৭৫ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়। লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১৭ নভেম্বর।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের নয় মাসে বাটা সু কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৮০ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ৮৯ টাকা ২৩ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লোকসান হয়েছে ৮ টাকা ৩৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে লোকসান ছিল ৩৭ টাকা ৫৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫৪ টাকা ৬৪ পয়সা।

২০২০ হিসাব বছরে লোকসান হওয়ার কারণে বাটা সু বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। যেখানে এর আগের ২০১৯ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

বাটা সু কোম্পানি ২০১৮ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ৩৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০১৭ হিসাব বছরে ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেয়ার আগে ২৩০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছিল বাটা সু।

ডিএসইতে বুধবার বাটা সু শেয়ারের সর্বশেষ দর ছিল ৯২৬ টাকা। সমাপনী দরও ছিল ৯২৯ টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৬৩৯ টাকা ৬০ পয়সা ও ১ হাজার ৬ টাকা ৪০ পয়সা।

 

সম্পর্কিত খবর