অনাহার-অপুষ্টিতে নাইজেরিয়ায় ৬৫২ শিশুর মৃত্যু, তহবিল সংকটে বিপর্যস্ত স্বাস্থ্যব্যবস্থা
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাটসিনা রাজ্যে দারিদ্র্য, অপুষ্টি ও সহিংসতা মিলিয়ে এক ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে। চলতি বছরের শুরু থেকে মাত্র ছয় মাসেই অপুষ্টি ও অনাহারে মৃত্যু হয়েছে অন্তত ৬৫২ শিশুর। আন্তর্জাতিক সাহায্য হ্রাসের কারণে এই বিপর্যয় আরও গভীর হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা মেডেসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) বা ডক্টরস উইদাউট বর্ডারস নামেও পরিচিত।
(২৫ জুলাই) চলতি বছরের শুরু থেকে শুরু হওয়া এই মৃত্যু সংখ্যা প্রকাশ করা হয়। এমএসএফ জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মতো বড় দাতারা তাদের স্বাস্থ্য খাতে বাজেট কমিয়ে দেওয়ায় এই সংকট আরও তীব্র হয়েছে। যার ফলে নাইজেরিয়ার মতো সহিংসতা ওদারিদ্র্যকবলিত দেশে শিশুদের পুষ্টি ও চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
এমএসএফ আরও জানায়, শুধু কাটসিনা রাজ্যেই গত বছরের তুলনায় এ বছর সবচেয়ে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সংখ্যা ২০৮ শতাংশ বেড়েছে। ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত রাজ্যটিতে অনাহারে মৃত্যু হয়েছে ৬৫২ শিশুর, যা শুধু একটি রাজ্যের জন্যই ভয়াবহ এক মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দেয়। এমএসএফ কর্তৃপক্ষ জানায়, এই মৃত্যু ঠেকানো যেত যদি আন্তর্জাতিক সহায়তা অব্যাহত থাকতো।
অন্যদিকে, জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা (WFP) আগেই সতর্ক করেছিল যে, জুলাই মাসের শেষের দিকে উত্তর-পূর্ব নাইজেরিয়ার বিদ্রোহকবলিত এলাকায় খাদ্য সহায়তা বন্ধ করতে হতে পারে, কারণ তাদের খাদ্য মজুদ শেষ হয়ে আসছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্বাস্থ্য খাতে তহবিল প্রত্যাহারের পর নাইজেরিয়া সরকার ঘাটতি পূরণে ২০২৫ সালের জন্য ২০০ বিলিয়ন নাইরা (প্রায় ১৩০ মিলিয়ন মার্কিন ডলার) বাজেট করেছে, তবে তা পর্যাপ্ত নয় বলে মনে করছে ত্রাণকর্মীরা।


